আমাদের ভারত, উত্তর ২৪ পরগনা, ৩ মার্চ: নাম ঘোষণা না হলেও হাবড়ায় ভোটের প্রচারে নেমে পড়লেন জ্যোতিপ্রিয় মল্লিক। গতকাল রাত থেকেই তিনি পদযাত্রা এবং পথ সভার মাধ্যমে প্রচার শুরু করেছেন। হাবড়া বাসিকে প্রতিশ্রুতি দিলেন ২৪ ঘন্টা পানীয় জলের এবং এই শহরকে আরো আধুনিক করে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে বলে জানালেন। পদযাত্রায় বেরিয়ে মানুষের কাছে পৌঁছে দিলেন তৃণমূল কংগ্রেস পরিচালিত সরকারের উন্নয়নের তালিকা।
প্রচারে বেরিয়ে জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, “গোটা বাংলা জুড়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়ন করেছে। আগামীদিনে হাবড়ায় অত্যাধুনিক জল প্রকল্প হবে। এজন্য নৈহাটি থেকে গঙ্গার জল মাটির তলা দিয়ে নিয়ে এসে নাগরিকদের বাড়িতে বাড়িতে ২৪ ঘণ্টা পরিশ্রুত পানীয় জল পৌঁছে দেব আমরা। পলতার জল যেভাবে কলকাতায় পৌঁছায়, সেই ভাবে নৈহাটি থেকে গঙ্গার জল হাবড়া শহরে আসবে। আধুনিক মানের ড্রেনেজ ব্যবস্থা হবে। সব কিছুর পরিকল্পনা রয়েছে।

নির্বাচনী প্রচারে পদযাত্রায় বেড়িয়ে জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, মতুয়াদের জন্য যদি কেউ কিছু করে থাকে, তাঁর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। আমার সঙ্গে মতুয়াদের নাড়ির টান। গত ২২ বছর ধরে ঠাকুর বাড়িতে আমার যাতায়াত। বিজেপি নাগরিকত্বের নামে মানুষকে ভুল বোঝাচ্ছে। আপনারা ভুল বুঝবেন না। আপনারা সবাই দেশের নাগরিক। নতুন করে কারও নাগরিকত্ব দরকার নেই। আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করতে তৃণমূল প্রার্থীদের জয়ী করুন।
জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে বাংলা সুরক্ষিত থাকবে। বিজেপি আসলে উত্তর প্রদেশের মত অবস্থা হবে। নারী নিরাপত্তা থাকবে না, হাথরাস হবে। আমরা আরো উন্নয়ন করব।

হাবড়াতে মঙ্গলবার রাতে পদযাত্রা ও পথ সভা করে একথাই বললেন হাবড়ার তৃণমূল বিধায়ক তথা রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। মঙ্গলবার হাবড়া পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে পদ যাত্রা ও পথ সভা করে হাবড়ার নাগরিকদের কাছে রাজ্য সরকারের উন্নয়ন মূলক প্রকল্পের ব্যাখ্যা দেন রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক।

