আমাদের ভারত, উত্তর ২৪ পরগনা, ১৭ ফেব্রুয়ারি:
বুধবার দুপুরে হাবড়ার কলতান প্রেক্ষাগৃহ থেকে ছয়টি স্কুলের প্রায় ৬০৩ জন ছাত্র-ছাত্রীকে সবুজ সাথী প্রকল্পে সাইকেল দেওয়া হল। সবুজ সাথী প্রকল্পের সাইকেল প্রদান অনুষ্ঠানে এদিন উপস্থিত ছিলেন হাবড়া বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। মন্ত্রী জানিয়েছেন, “মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্পগুলোর মধ্যে সবুজ সাথী হল একটি অন্যতম প্রকল্প। সবুজ সাথী প্রকল্পের ধারাবাহিকতা বজায় থাকবে ততদিন পর্যন্ত, যতদিন বাংলার মুখ্যমন্ত্রী থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়। ১০ কোটি বাংলার মানুষের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পুনরায় মুখ্যমন্ত্রী চাইছেন বাংলার আপামর জনতা। এত উন্নয়ন মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষেই করা সম্ভব হয়েছে। আমি সব সময় মুখ্যমন্ত্রীর সুস্থ্যতা কামনা করি কারন তিনি যেন আগামী দিনে আরও মানুষের পাশে থেকে স্বাস্থ্য-সাথী, সবুজ সাথী, কন্ন্যাশ্রীর প্রকল্পের মত আরও অভিনব প্রকল্প মানুষের জন্য চালু করতে পারেন।”

এদিন সাইকেল পেয়ে খুশি হাবড়ার বিভিন্ন স্কুলের ছাত্রীরা। তারা জানিয়েছে, স্কুলে যাওয়ার জন্য অটো, ভ্যান, ই–রিক্সা এই সব যানবাহনের উপরেই এতদিন আমরা নির্ভরশীল ছিলাম, আজ থেকে আমরা স্কুলে যাওয়ার জন্যে সাইকেল পেলাম। তাঁরা সকলেই ধন্যবাদ জানিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে।

