আদি, নব্যের সংঘাত ভুলে দ্রুত সংগঠনের কাজে মন দিন, রাজ্য নেতাদের পরামর্শ বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের

নীল বণিক, আমাদের ভারত, কলকাতা, ১৯ জুন:
আদি ও নব্য সংঘাত ভুলে কাজে মনোনিবেশ করুন, রাজ্য নেতৃত্বকে এই বার্তা দিলেন কেন্দ্রীয় নেতৃত্ব। গত বৃহস্পতিবার দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারীদের এমন বার্তাই দিল কেন্দ্রীয় নেতৃত্ব। আদি, নব্যের দ্বন্দ্বে আদতে রাজ্য বিজেপির সংগঠনেরই ক্ষতি হচ্ছে বলে বিজেপিকে বার্তা দিল দিল্লির কেন্দ্রীয় নেতৃত্ব।

প্রসঙ্গত, ভোটে হারার পর আদি ও নব্যের লড়াই আরও প্রকাশ্যে আসে। মুকুল রায় তৃণমূলে যাওয়ার পর এই দ্বন্দ্ব রাস্তায় নেমে আসে, যা মোটেও ভালো চোখে দেখছে না কেন্দ্রীয় নেতৃত্ব। এই মুহূর্তে দিল্লির সবথেকে মাথাব্যথা সংগঠনকে ধরে রাখা। কিন্তুু এই দ্বন্দ্ব চলতে থাকলে সংগঠন আরও ভাঙবে। ক্ষতি হবে রাজ্য বিজেপির। তাই সংগঠনকে চাঙ্গা করতে রাজ্য নেতৃত্বকে রাস্তায় নামার পরামর্শ দিয়েছে দিল্লি। বৃহস্পতিবার রাজ্য নেতৃত্বের সঙ্গে কলকাতায় বৈঠকে বসেছিলেন শিবপ্রকাশ, অরবিন্দ মেনন এবং অমিত মালব্য। সেই বৈঠকেই এই বার্তা দেন কেন্দ্রীয় নেতৃত্ব।

কেন্দ্রীয় নেতৃত্ব এই মনোভাব রাজ্য এবং জেলা পদাধিকারীদের কাছে জানাবার প্রক্রিয়াও শুরু হয়ে গিয়েছে। দলীয় সূত্রে খবর গতকাল রাজ্য বিজেপির হেস্টিংসের অফিসে একটি বৈঠক ছিল। সেই বৈঠকে দলের দ্বিতীয় সারির রাজ্য নেতাদের কাছে এমন বক্তব্য জানিয়ে দিয়েছেন দলের সংগঠন সম্পাদক অমিতাভ চক্রবর্তী এবং সহ সংগঠন সম্পাদক কিশোর বর্মন। তারা বলেছেন, আর আদি, নব্য নিয়ে দলে আলোচনা করা চলবে না। খারাপ ফলের কারণ অবশ্যই ময়না তদন্ত করা হবে। কিন্তুু এই নিয়ে নিচুস্তরে বেশি আলোচনা করা আর চলবে না। আলোচনা না করে দলকে কিভাবে মানুষের কাছে পৌঁছানো যায় তানিয়ে রাজ্য নেতাদের ভাবতে নির্দেশ দিয়েছেন অমিতাভ চক্রবর্তী এবং কিশোর বর্মন। গতকালের বৈঠকেও উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় নেতৃত্ব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *