জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ২৯ সেপ্টেম্বর: মঙ্গলবার মধ্যরাত থেকে একটানা বৃষ্টির ফলে পশ্চিম মেদিনীপুর জেলার বিভিন্ন এলাকা ফের জলমগ্ন হয়েছে। মেদিনীপুর শহর সংলগ্ন ধর্মা এলাকাতে ৬০নং জাতীয় সড়কের উপর দিয়ে জল বইছে। তার উপর দিয়েই জীবনের ঝুঁকি নিয়ে মানুষজন যানবাহনে যাতায়াত করছে। জেলার ডেবরা সবং রাজ্য সড়কের ওপর ফতেপুর এলাকায় এক হাঁটু জল জমেছে। জলে ডুবে যাওয়া রাজ্য সড়ক দিয়েই চলছে যানবাহন। ভোরবেলা থেকে জলমগ্ন হয়ে পড়ায় দোকানপাট বন্ধ রয়েছে। আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে আগেই পশ্চিম মেদিনীপুর জেলাতে আজ লাল সর্তকতা জারি করা হয়েছে।

মঙ্গলবার রাত থেকে শুরু হওয়া বৃষ্টি বুধবার দিনভর মুশলধারে ঝড়ছে। জেলার কেশপুর, দাসপুর, চন্দ্রকোনা ১নং ও ২নং ব্লকের বিভিন্ন স্থানে নতুন করে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। অতিবৃষ্টিতে সবং ও পিংলা ব্লকের জলবন্দি হয়ে থাকা মানুষদের দুর্দশা আরো বেড়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে দুর্গত মানুষদের পর্যাপ্ত ত্রাণের ব্যবস্থা করা হয়েছে নতুন করে সৃষ্টি হওয়া বন্যা কবলিত এলাকার মানুষজনদের ত্রাণ শিবিরে সরিয়ে ফেলা হচ্ছে।

