স্বরূপ দত্ত, আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ২৪ ফেব্রুয়ারি: ফের উত্তপ্ত উত্তর দিনাজপুর জেলার চোপড়া বিধানসভা ও ইসলামপুর থানার অন্তর্গত ভদ্রকালী এলাকা। বৃহস্পতিবার ভদ্রকালী বাজার থেকে ঢিলছোড়া দূরত্বে একদল দুষ্কৃতী আচমকাই গুলি ও বোমা ছোড়ে বলে অভিযোগ। গুলি ও বোমার আঘাতে গুরুতর জখম হয় ওই এলাকার পাঁচ জন। ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকাজুড়ে।
খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় রামগঞ্জ ফাঁড়ির পুলিশ। পরে ইসলামপুর থেকে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকা জুড়ে এখোনো চাপা উত্তেজনা রয়েছে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে তিন জনকে প্রথমে রামগঞ্জ স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়। পরবর্তীতে তাদের ইসলামপুর মহাকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানে তাদের চিকিৎসা চলছে। ঘটনায় গুরুত্বর আহত আরোও দু’জনকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার এলাকায় তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীর মধ্যে চা বাগান নিয়ে ভদ্রকালী বাজারে গন্ডোগোল বাধে, তখনই কিছু দুষ্কৃতি গুলি ও বোমা চালায় বলে অভিযোগ। সেই ঘটনায় এক কিশোরী সহ আরও চার জন গুরতর জখম হয়।

চোপড়ার বিধায়ক হামিদুল রহমান জানিয়েছেন, পুরনো জমি নিয়ে দীর্ঘদিন ধরে হাবা এবং সুইট নামে দুই ব্যক্তির গোষ্ঠীর মধ্যে বিবাদ চলছিল। তারই ফল স্বরূপ আজকের এই ঘটনা। গোটা ঘটনায় পুলিশি নিষ্ক্রীয়তার অভিযোগ তোলেন খোদ তৃণমূল বিধায়ক।
অন্যদিকে ইসলামপুর পুলিশ জেলার পুলিশ সুপার শচীন মক্কর জানান, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। মূলত দুটো গোষ্ঠীর মধ্যে এই গন্ডগোল বেধেছিলো। এখনো পর্যন্ত একজনকে আটক করা হয়েছে। পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

