মেদিনীপুরে লরির ধাক্কায় আহত পাঁচ পুলিশ কর্মী 

জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ২৬ আগস্ট: বুধবার গভীর রাতে একটি পণ্য বোঝাই লরির ধাক্কায় আহত হয়েছেন পাঁচ পুলিশ কর্মী। আহতদের মধ্যে কনস্টেবল বিপ্লব পন্ডিতের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে কলকাতার হাসপাতলে স্থানান্তর করা হয়েছে এবং এনভিএফ কর্মী পরিমল সিং মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অন্য তিনজনকে প্রাথমিক চিকিৎসার পর মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে।

জানা গেছে, মেদিনীপুর ও শালবনির মাঝখানে মেদিনীপুর সিটি কলেজের সামনে সাত নম্বর জাতীয় সড়কে রাত দুটো নাগাদ পুলিশের নাইট পেট্রোলিং চলছিল। সেই সময় মেদিনীপুরের দিকে যাওয়া একটি পণ্য বোঝাই লরি রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা পুলিশের গাড়িতে সজোরে ধাক্কা মেরে গাড়িটিকে বেশ কিছুদূর টেনে নিয়ে যায়। গাড়িতে থাকা পাঁচ জন পুলিশ কর্মীই আহত হন। খবর পেয়ে বিশাল পুলিশ বাহিনী নিয়ে ঘটনাস্থলে পৌঁছান শালবনি থানার আইসি গোপাল বিশ্বাস। আহতদের উদ্ধার করে মেদিনীপুর মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়। লরির চালক ও খালাসি পলাতক। লরিটি আটক করে থানায় নিয়ে আসা হয়েছে এবং গর্তে পড়ে যাওয়া পুলিশের গাড়িটিও ক্রেন দিয়ে উদ্ধার করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *