বেলিয়াতোড়ে মারুতি গাড়ির সাথে বাসের ধাক্কায় আহত পুলিশ কর্মী সহ ৫

সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ৩০ মার্চ:
দুর্গাপুরের বাড়িতে যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হলেন পুরুলিয়ার বান্দোয়ান থানায় কর্মরত এএসআই সুজিত মণ্ডল সহ ৫ জন। এরা হলেন তার স্ত্ৰী প্রিয়াঙ্কা এবং ৭ ও ২ বছরের ২ টি শিশু কন্যা সৃনজিনি ও শুভাসিনি। এবং গাড়ির চালক নির্মল কর। বুধবার ঘটনাটি ঘটেছে বাঁকুড়া-দুর্গাপুর ৯ নম্বর রাজ্য সড়কের উপর বেলিয়াতোড় থানার বনগ্রামে।

স্থানীয় সূত্রে খবর, সুজিতবাবু এদিন বান্দোয়ান থেকে একটি মারুতি গাড়িতে করে পরিবার নিয়ে দুর্গাপুরের বাড়িতে যাচ্ছিলেন। অন্যদিকে দুর্গাপুর থেকে বাঁকুড়াগামী একটি বেসরকারি বাস বনগ্রামের কাছে তাঁদের গাড়িটিকে সজোরে ধাক্কা মারে। স্থানীয়রা বিষয়টি বুঝতে পেরে ওই পুলিশ আধিকারিক, তাঁর পরিবারের সদস্য ও গাড়ির চালককে উদ্ধার করে বড়জোড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। দুর্ঘটনার জেরে পুলিশ আধিকারিকের গাড়িটির পাশাপাশি ওই বাসের সামনের অংশে দুমড়ে মুচড়ে গেছে। এমনকি ওই বাসের এক মহিলা যাত্রীও জখম হন। তবে তার আঘাত গুরুতর নয়।

শেষ পাওয়া খবরে জানা গেছে, আহত পুলিশ আধিকারিক ও তাঁর পরিবারের সদস্যদের দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। পুলিশ দুর্ঘটনাগ্রস্ত বাসটিকে আটক করে ঘটনার তদন্ত শুরু করেছে বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *