রাজেন রায়, কলকাতা, ২৬ আগস্ট: অর্ধেকেরও কম বিচারপতি নিয়ে কাজ চলছিল কলকাতা হাইকোর্টে। শ্লথ হয়ে যাচ্ছিল বিভিন্ন মামলার গতি। এই অবস্থায় দ্রুত মামলাগুলি নিষ্পত্তি করার জন্য এবং পড়ে থাকা মামলাগুলির দ্রুত শুনানির জন্য কলকাতা হাইকোর্টে বিচারপতি নিয়োগের জন্য সুপারিশ করেছিল সুপ্রিম কোর্টের কলেজিয়াম। তাদের সুপারিশ মেনেই কলকাতা হাইকোর্টে পাঁচ বিচারপতি নিয়োগ করল কেন্দ্রীয় আইন মন্ত্রক। কলকাতা হাইকোর্টে নির্দিষ্ট সময়ের জন্য নতুন ৫ জন অতিরিক্ত বিচারপতিকে নিয়োগ করা হল।
কলকাতা হাইকোর্টের নতুন অস্থায়ী ৫ বিচারপতি হলেন,
১) মিস কেশং দমা ভুটিয়া
২) রবীন্দ্রনাথ সামন্ত
৩) আনন্দ কুমার মুখোপাধ্যায়
৪) সুগত মজুমদার এবং
৫) বিভাস পট্টনায়ক
জানা গিয়েছে, মিস কেশং দমা ভুটিয়ার কার্যকাল হবে ৯ মাস। রবীন্দ্রনাথ সামন্তর কার্যকাল হবে ২২ মাস। সুগত মজুমদার এবং বিভাস পট্টনায়কের কার্যকাল হবে ২ বছর এবং আনন্দ কুমার মুখোপাধ্যায়ের কার্যকাল হবে ১ বছর।
অন্যদিকে, কিছুদিন আগেই বিচারপতি কৌশিক চন্দকে কলকাতা হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ করে সুপ্রিম কোর্টের কলেজিয়াম। এ বার কলকাতা হাইকোর্টে নির্দিষ্ট সময়ের জন্য নতুন ৫ জন অতিরিক্ত বিচারপতিকে নিয়োগ করল কেন্দ্রীয় আইন মন্ত্রক।
প্রসঙ্গত, কলকাতা হাইকোর্টে বিচারপতি থাকার কথা ৭২ জন। যার মধ্যে ৫৪ জন স্থায়ী বিচারপতি ও ১৮ জন অতিরিক্ত বিচারপতি থাকার কথা। কিন্তু চলতি বছরে কলকাতা হাইকোর্টের বিচারপতির সংখ্যা দাঁড়ায় ৩১। তাঁদের মধ্যে ২৯ জন স্থায়ী বিচারপতি ও ২ জন অতিরিক্ত বিচারপতি।

