সুশান্ত ঘোষ, বাগদা, ২৯ অক্টোবর: কালীপুজোর ভাসান দেখতে যাওয়াই কাল হল, সেই ফাঁকে ভরসন্ধ্যায় গ্রিলের তালা ভেঙ্গে, আলমারি থেকে নগদ টাকা সহ প্রচুর সোনার গয়না চুরির অভিযোগ উঠল বাগদায়। শুক্রবার রাতে এই মর্মে উত্তর ২৪ পরগনার বাগদা থানায় লিখিত অভিযোগ জানিয়েছে ওই পরিবার।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এলাকার বাসিন্দা হরি মোহন দেবনাথ সহ তাঁর পরিবারের লোকজন শুক্রবার সন্ধায় বাড়ির গেটে তালা দিয়ে স্থানীয় কালীপুজোর ভাসান দেখতে গিয়েছিলেন। রাত ৯ টায় বাড়িতে ফিরে দেখেন, গ্রিলের তালা ভাঙ্গা, ঘরের দুটি আলমারী সহ শোকেসের তালা ভাঙ্গা। ঘরের মধ্যে জামা কাপড় সহ আসবাবপত্র লণ্ডভণ্ড। হরি মোহন দেবনাথের স্ত্রী জানিয়েছে, বেশ কয়েকটা সোনার হার, চুর, সিতাহার , কানের দুল, আংটি সহ প্রায় ২০ ভরি সোনার গয়না চুরি গিয়েছে। ব্যবসার প্রায় ৪ লক্ষ ৯৫ হাজার টাকা নগদ চুরি হয়েছে। খবর পেয়ে ঘটনা স্থলে আসে বাগদা থানার পুলিশ। চুরির ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

