আমাদের ভারত, ১৫ জুন: ফাইভ জি নিয়ে উন্মাদনা অনেকদিন থেকেই। দেশবাসীর সেই অপেক্ষায় এবার শেষ হতে চলেছে। বুধবারই ফাইভ জি নেটওয়ার্কের কাজের ছাড়পত্র দিল ভারত সরকার। কেন্দ্রীয় মন্ত্রিসভার তরফে এদিন বেসরকারি সংস্থাগুলিকে ফাইভ জি স্পেকট্রাম ব্যবহারের ছাড়পত্র দেওয়া হয়েছে। এর ফলে খুব শীঘ্রই বহুপ্রতীক্ষিত ইন্টারনেট পরিষেবা সুবিধা ভোগ করতে পারবেন দেশের নাগরিকরা। এয়ারটেল সহ দেশের বিভিন্ন বেসরকারি টেলিকম সংস্থা গুলির ফাইভ জি পরিষেবা চালু করার জন্য ফাইভ জি স্পেকট্রাম নিলামের আর্জি জানায় কেন্দ্রে কাছে। বুধবার সেই প্রস্তাবে অনুমোদন দিল কেন্দ্র সরকার।
কেন্দ্রের ছাড়পত্রে দেশের বেসরকারি ফাইভ জি নেটওয়ার্ক পরিচালনার পথ প্রশস্ত হবে। সরকারি বিবৃতিতে জানানো হয় জুলাইয়ের শেষে ৭২০৯৭.৮৫ মেগাহাৎর্জ স্পেক্ট্রাম নিলাম করা হবে। টেলিকম পরিষেবা প্রদানকারী সংস্থাগুলির ব্যবসা করার জন্য খরচ কমাতে এই পদক্ষেপ করা হয়েছে বলে জানানো হয়।
এর পাশাপাশি সরকারের তরফে জানানো হয়েছে দেশে ফাইভ জি পরিষেবা চালু করা হলে গ্রাহকরা ফোর জি’র তুলনায় আরো দশ গুণ বেশি গতির ইন্টারনেট পাবে। ইলেকট্রনিক্স প্রতিমন্ত্রী রাজীব চন্দ্রশেখর বলেছেন, ফাইভ জি স্পেকট্রামের ঘোষণা ভারতীয় টেলিকম প্রযুক্তির বিকাশে একটি বড় মাইলস্টোন।
দেশের তিন বেসরকারি টেলিকম সংস্থার ভোডাফোন আইডিয়া, ভারতী এয়ারটেল লিমিটেড, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের জিও এই নিলামে অংশগ্রহণ করবে বলে জানা গেছে। ফাইভ জি পরিষেবা আনতে তৎপর কেন্দ্রীয় সরকার। সেই কারণে আরও একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে কেন্দ্র সরকারের তরফে। ঘোষণা করা হয়েছে ফাইভ জি স্পেকট্রামের টাকা একবারে দিতে সমস্যা হলে কুড়িটি কিস্তিতে সেই টাকা দেওয়া যেতে পারে। এদিকে দেশে ফাইভ জি পরিষেবা শুরু হবার আশা দেখে বিভিন্ন নামিদামি স্মার্টফোন সংস্থাগুলি ইতিমধ্যেই বাজারে তাদের ফাইভ জি স্মার্টফোন আনতে শুরু করে দিয়েছে।

