সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ৫ ডিসেম্বর: ডাকাতির জন্য জড়ো হওয়া সশস্ত্র পাঁচ দুষ্কৃতীকে গ্রেফতার করল পুলিশ। রবিবার গভীর রাতে উত্তর ২৪ পরগনার হাবড়া বাজার চত্বর থেকে পাঁচ দুষ্কৃতীকে গ্রেফতার করল হাবড়া থানার পুলিশ। উদ্ধার হয় গ্যাসকাটার, ভোজলি, চপার, ছুরি, তালা ভাঙ্গার রড সহ আরও সামগ্রী। ধৃতরা ডাকাতির কাজে এগুলি ব্যবহার করত বলে অনুমান পুলিশের। ধৃতদের নাম সুরজ চারপোটা, হরিশ চারপোটা, হরিশ নিনামা, বিকাশ দামর, নিতীশ চারপোটা। পুলিশ জানিয়েছে, ধৃতরা রাজস্থানের বানসার জেলার বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সূত্রে রবিবার গভীর রাতে হাবড়া থানার পুলিশের কাছে খবর আসে, হাবড়া স্টেশন মোড় এলাকায় একটি সোনার দোকানের পেছনে ডাকাতি করার উদ্দেশ্যে বেশ কয়েকজন জড়ো হয়েছে। খবর পাওয়া মাত্রই হাবড়া থানার পক্ষ থেকে পুলিশের একটি দল ওই এলাকা ঘিরে ফেলে। এরপরই ডাকাতির উদ্দেশ্যে জড়ো হওয়া ওই দলটিকে ধরে ফেলে। গ্রেফতার করা হয় পাঁচজনকে। ঘটনাস্থল থেকে উদ্ধার হয় গ্যাস কাটার, ভোজলি, চপার, ছুরি, তালা ভাঙ্গার রড সহ আরও সামগ্রী। সোমবার ধৃতদের বারসাত আদালতে তোলা হলে বিচারক সাত দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয়।

