আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ২৮ জুলাই: বঙ্গোপসাগরে উদ্ভূত নিম্নচাপের জেরে তৈরি হয়েছে বৃষ্টি বলয়। আর তার জেরেই উপকূলবর্তী এলাকায় জারি করা হয়েছে সর্তকতা। দিঘা ও উপকূলবর্তী এলাকা সহ পূর্ব মেদিনীপুর জেলায় সর্তকতা জারি করা হয়েছে প্রশাসনের তরফে। ভারি বৃষ্টিপাত ও তার সঙ্গে ঝোড়ো হাওয়া বইতে পারে। সমুদ্র উত্তাল হওয়ার সম্ভাবনা আছে আজ ২৮ তারিখ থেকে আগামী ৩০ তারিখ পর্যন্ত। আর এই কারণে সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে মৎস্যজীবীদের। যারা এখনও সমুদ্রে আছেন তাদের ফিরে আসতে বলা হয়েছে। সমুদ্রে নামতে নিষেধ করা হয়েছে পর্যটক সহ এলাকার মানুষকে। প্রশাসনের তরফ থেকে মাইকিং করা হয় দিঘা সহ বিভিন্ন পর্যটন কেন্দ্রগুলোতে।

আজ সকাল থেকে জেলাজুড়ে বিক্ষিপ্ত বৃষ্টি শুরু হয়। বিকেলের পর থেকে বৃষ্টির পরিমাণ বাড়েছে মাঝারি থেকে ভারি বৃষ্টি হচ্ছে জেলাজুড়ে। এই বৃষ্টির জেরে উপকূলবর্তী এলাকা সহ জেলার নদী পার্শ্ববর্তী এলাকাগুলিতে জল জমার সম্ভাবনা আছে। নদী ও সমুদ্রের জলও প্লাবিত করতে পারে সংলগ্ন এলাকা গুলিকে। সব মিলিয়ে এই সময়ের উপকূলবর্তী এবং নদী তীরবর্তী মানুষজনকে নিরাপদ জায়গায় প্রয়োজনে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে সবরকম সাহায্যের ব্যবস্থা করা আছে বলে জানানো হয়েছে। উপকূলবর্তী এলাকা সহ জেলার নিচু জায়গাগুলির মানুষজনকে নিরাপদ স্থানে সরে আসার কথা বলা হয়েছে। বিকেল থেকে শুরু হওয়া বৃষ্টির জেরে হলদিয়া শিল্পাঞ্চলের বহু রাস্তা জলের তলায় চলে গিয়েছে। আগামী দুদিন বৃষ্টির পরিমাণ আরও বাড়ার সম্ভাবনা আছে বলে জানানো হয়েছে প্রশাসনের তরফে।


