আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ৭ আগস্ট: একদিকে নিম্নচাপের প্রভাব অন্যদিকে কৌশিকী আমাবস্যার ভরা কোটাল এই দুয়ের প্রভাবে উত্তাল সমুদ্র। এই উত্তাল সমুদ্রের মধ্যে বিকল হয়ে গেল মৎস্যজীবীদের নৌকো। ভাসতে ভাসতে নৌকো চলে আসে দিঘার কাছে। সমুদ্র উত্তাল হওয়ার কারণে সমুদ্রের কাছাকাছি না যাওয়ার জন্য বারবার সতর্ক করে মাইকিং করছে প্রশাসন। চলছে কড়া নজরদারি। এরই মাঝে দিঘায় এসে ঠেকল মৎস্যজীবীদের নৌকো। কিন্তু চোখের পলকেই বড় ঢেউয়ের ধাক্কায় উল্টে যায় নৌকো। প্রাণ বাঁচাতে উত্তাল সমুদ্রে ঝাঁপ দেয় মৎস্যজীবীরা। নুলিয়াদের তৎপরতায় মৎস্যজীবীদের উদ্ধার করা হয়। ৬ জন মৎসজীবীকে প্রাথমিক চিকিৎসার জন্য দিঘা স্টেট জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, দিঘায় উদ্ধার হওয়া মৎস্যজীবীরা দক্ষিণ ২৪ পরগণার নামখানা এলাকার। শনিবার ইঞ্জিনচালিত নৌকাটি সমুদ্রের মাছ ধরতে যায়। কিন্তু ফিরে আসার পথে বিকল হয়ে যায় নৌকার ইঞ্জিন। সমুদ্রে ভাসতে ভাসতে এদিন দিঘায় এসে পৌঁছায় বিকল নৌকাটি। কিন্তু কৌশিকী আমাবস্যার ভরা কোটালের প্রবল জলোচ্ছ্বাসে নৌকাটি উল্টে ডুবে যায়। প্রাণ বাঁচাতে মৎস্যজীবীরা উত্তাল সমুদ্রে ঝাঁপ দেয়। মৎস্যজীবীদের প্রাণ বাঁচলেও চোখে-মুখে এখনও আতঙ্কের ছাপ স্পষ্ট।
দিঘা থানার ওসি বুদ্ধদেব মাল জানান, যন্ত্রচালিত নৌকাটি বিকল হয়ে যাওয়ায় নামখানা থেকে ভাসতে ভাসতে দিঘা এসে পৌঁছায়। নৌকায় থাকা ৬ জন মৎসজীবীকে উদ্ধার করা হয়েছে। মৎস্যজীবীরা এখন সুস্থ রয়েছে। দ্রুত তাদের বাড়ি পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে।
উদ্ধার হওয়া এক মৎস্যজীবী বলেন, নৌকাটি বিকল হয়ে যাওয়ায় ভাসতে ভাসতে দিঘার এসে পৌঁছায়। দিঘা থানার পুলিশের সহযোগিতায় তাদের উদ্ধার করা হয়েছে।

