স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ১১ ডিসেম্বর: মৎস্যজীবীদের জালে ধরা পড়ল ৫০ কেজি ওজনের অতিকায় আকৃতির মাছ। খুশি মৎস্যজীবীরা। ঘটনাটি শান্তিপুরের নৃসিংহপুর কালনা ঘাট ভাগীরথী নদীর। প্রত্যেক দিনের মতোই আজও ভাগীরথী নদীতে মাছ ধরছিলেন মৎস্যজীবীরা, সখা বর্মন নামে এক মৎস্যজীবী মাছ ধরছিলেন। মাছ ধরার সময় তার জালে ধরা পড়ে এক বিশাল আকারের মাছ। জাল তুলে দেখেন প্রায় ৫০ কেজি ওজনের মাছ উঠেছে তার জালে। এর পরেই গাল ভরা হাসি ফুটে ওঠে মৎস্যজীবী শখা বর্মনের মুখে। বিশাল আকারের মাছটি দেখার জন্য ছুটে আসে ভাগীরথী তীরবর্তী এলাকার সাধারণ মানুষ।

ভাগীরথী নদীর মৎস্যজীবীরা জানান, মাছটির গায়ে ভারতীয় সেনা জওয়ানদের পোশাকের ছাপ থাকায় মাছটির নাম দিয়েছেন তারা মেলেটারি মাছ। যদিও মাছটি বাগার মাছ নামেই পরিচিত। মৎস্যজীবীদের জালে বিশাল আকারের মাছ ধরা পড়ায় আগামী দিনে এর থেকে আরও বড় ধরনের মাছ পাওয়ার আশঙ্কা করছেন মৎস্যজীবীরা।
মৎস্যজীবীরা এও জানান, আজ থেকে প্রায় পঁচিশ ত্রিশ বছর আগে এই ধরনের মাছ পাওয়া যেত। ভাগীরথী নদীর জল দূষিত হওয়ার কারণে আর এই ধরনের মাছ পাওয়া যায়নি। প্রায় ৩০ বছর পরে আবার মৎস্যজীবীদের জালে ধরা পড়ল ৫০ কেজি ওজনের বিশাল আকার মাছ।

