বাসভাড়া না বাড়িয়ে বাস মালিকদের অন্যভাবে পুষিয়ে দেওয়ার প্রস্তাব ফিরহাদের

রাজেন রায়, কলকাতা, ৩ নভেম্বর: জ্বালানি তেলের দাম বাড়ছে এবং ভবিষ্যতে আরও বাড়বে। কিন্তু তার জন্য সাধারণ মানুষের ওপর চাপ দেওয়া সম্ভব নয়। তাই বুধবার মধ্য কলকাতা এবং কসবার পরিবহন ভবনে দুই বাস সংগঠনের মালিক ও প্রতিনিধিরা দেখা করলেও বাসভাড়া যে এখন বাড়ানো সম্ভব নয় তা স্পষ্ট জানিয়ে দিলেন পরিবহন মন্ত্রী ফিরহাদ হাকিম। তবে বাস মালিকদের অনুদান এবং বিশেষ কিছু ছাড় দিয়ে অন্যভাবে সাহায্য দেওয়ার কথা বলেছেন তিনি।

জানা গিয়েছে, বাস মালিকদের এদিন রাজ্য সরকার জানিয়েছে, সমস্যা সমাধানে প্রয়োজনে বিকল্প জ্বালানি বা ব্যাটারি চালিত বাস কত তাড়াতাড়ি এবং কীভাবে রাস্তায় নামানো যায় তা নিয়ে আলোচনা চালাবে রাজ্য। আগামী ১৭ নভেম্বর ফের বৈঠক হবে সব পক্ষকে নিয়ে। তবে এর মধ্যে বাসভাড়া বাড়ানো যাবে না। এখনই ভাড়া বাড়ালে মানুষের ওপর আরও চাপ বাড়বে বলে জানান মন্ত্রী ফিরহাদ হাকিম। তাঁর বক্তব্য, কেন্দ্র তেলের দাম বাড়িয়েই চলবে আর রাজ্য বাসের ভাড়া বাড়িয়েই যাবে, এটা কোনও সমাধান হতে পারে না। এর ফলে সাধারণ মানুষ অসুবিধায় পড়ছেন। এর মধ্যে পুনে থেকে এক বিশেষজ্ঞকে আনা হচ্ছে। তিনি পুরনো ডিজেল বাসকে ব্যাটারি বাসে রূপান্তরিত করানোর ব্যাপারে সহায়তা করছেন বলে সরকারি সূত্রে খবর। রাজ্য আশাবাদী যে, এর ফলে সরকারি ও বেসরকারি বাসের সুরাহা হবে। সিএনজি কোম্পানির সঙ্গেও আলোচনা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *