“নির্দিষ্ট জায়গায় বাজির বাজার করে বিক্রি করতে হবে আতসবাজি,” নির্দেশিকা জলপাইগুড়ি জেলা পুলিশের

আমাদের ভারত, জলপাইগুড়ি, ৪ নভেম্বর: বাজারে বিক্রি করা যাবে না আতসবাজি। নির্দিষ্ট জায়গায় একসঙ্গে বাজির বাজার করে সেখানে বিক্রি করতে হবে আতসবাজি, শনিবার জলপাইগুড়ি জেলা পুলিশের তরফে জানানো হলো এই নির্দেশিকা। যদিও জেলা পুলিশের দাবি, রাজ্য সরকারের তরফেই এই নির্দেশেকা। জলপাইগুড়ি শহরে এই নির্দেশিকা মেনে বাজি বিক্রি করতে হবে। দিনবাজার এলাকায় বাজির দোকান খোলা যাবে না বলে জানানো হয়েছে পুলিশের তরফে।

জলপাইগুড়ি শহরের দিনবাজার এলাকায় লাইসেন্স নিয়ে বেশ কয়েকটি আতসবাজির দোকান চলছিল এতদিন। রাজ্য সরকারের সব নিয়ম মেনে বাজি ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে ব্যবসা করে আসছেন বলে দাবি। কিন্তু হঠাৎ করে নতুন নির্দেশিকায় বাজি ব্যবসায়ীদের দিশেহারা অবস্থা। শহরের বাজি ব্যবসায়ীরা একজোট হয়ে মহালয়ার আগে ফণিন্দ্রদেব বিদ্যালয়ের খেলার মাঠে অস্থায়ীভাবে বাজির দোকান দিয়েছিলেন। কয়েকদিন দোকান চলার পর বাজির দোকান বন্ধ করে দেওয়া হয়েছে বাজি বিক্রি না হওয়ায় বলে দাবি ব্যবসায়ীদের। সামনেই দীপাবলিকে কেন্দ্র করে আতসবাজির ব্যবসা হবে। কিন্তু দোকান ছেড়ে মাঠের ব্যবসা কতটা হবে সেই প্রশ্ন তুলছেন ব্যবসায়ীরা।

এদিন জেলা পুলিশ সুপার উমেশ খান্ডবহালে বলেন, “দিনবাজারে বাজি বিক্রি করা যাবে না। নির্দিষ্ট জায়গা করা হয়েছে বাজি বিক্রির। সেখানে সবুজ বাজি, কিংবা বৈধ বাজি যেগুলো সেগুলো বিক্রি করা হবে। বাজারে বাজির বিক্রি বন্ধ করতে অভিযান ও নজরদারি চলছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *