পৌরসভার ডাম্পিং গ্রাউন্ড থেকে উদ্ধার হলো আগ্নেয়াস্ত্র, চাঞ্চল্য ছড়ালো রায়গঞ্জে

আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ৩ এপ্রিল: রায়গঞ্জ শহরে আগ্নেয়াস্ত্র উদ্ধারকে কেন্দ্র করে সোমবার দুপুরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় শহরজুড়ে। এই ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ শহরের ২২ নং ওয়ার্ডের বন্দর শ্মশান সংলগ্ন পৌরসভার ডাম্পিং গ্রাউন্ডে।

স্থানীয় সূত্রে জানাগেছে, এদিন দুপুরে ডাম্পিং গ্রাউন্ড চত্বরে একটি ওয়ান শাটার পিস্তল ও ২টি কার্তুজ পড়ে থাকতে দেখেন কর্মীরা। মুহূর্তের মধ্যে শোরগোল পড়ে যায় ঐ চত্বরে। ঘটনাস্থলে ছুটে আসেন পৌরসভার ঐ ওয়ার্ডের কো-অর্ডিনেটর তপন দাস। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে রায়গঞ্জ থানার পুলিশ। ঐ আগ্নেয়াস্ত্র ও কার্তুজ উদ্ধার করে নিয়ে যায় পুলিশ। কিভাবে ঐ এলাকায় আগ্নেয়াস্ত্র এল তা নিয়ে প্রশ্ন উঠছে।

যদিও কো-অর্ডিনেটর তপন দাসের অনুমান, নোংরা আবর্জনার সাথে অন্য কোনো স্থান থেকে এই আগ্নেয়াস্ত্র চলে এসেছে ডাম্পিং গ্রাউন্ডে। তবে শহরে আগ্নেয়াস্ত্র মজুতের ক্ষেত্রে পুলিশি তদন্তের দাবি তুলেছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *