সুশান্ত ঘোষ, বনগাঁ, ১২ সেপ্টেম্বর: জলের কলের পাইপের গর্ত থেকে বের হচ্ছে আগুন। টকবগিয়ে ফুটছে জল। দেখলেই মনে হবে মাটির নীচে আগুন লেগেছে। অবিশ্বাস্য হলেও, এটাই সত্যি। উত্তর ২৪ পরগনার গোপালনগর থানার গঙ্গানন্দপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় এই ঘটনা ঘটেছে। আর এই ঘটনাকে ঘিরে রীতিমত হইচই পড়ে গিয়েছে গঙ্গানন্দপুর গ্রামজুড়ে।
সূত্রের খবর, গঙ্গানন্দপুর গ্রাম পঞ্চায়েতের কল্যাণপুরে নারায়ণ চন্দ্র মন্ডলের বাড়িতে একটি পানীয় জলের কল খননের কাজ শুরু করতেই তীব্র গতিতে মাটির নিচ থেকে জল বের হতে থাকায় জলের কল অন্য জায়গায় বসানো হয়। কিন্তু পুরনো জলের কলের গর্ত থেকে জল টগবগ করে ফোটার আওয়াজ পায় বাড়ির লোকেরা। গর্তের সামনে আগুন ধরলেই দাউদাউ করে জ্বলে উঠছে। এই ঘটনায় আতঙ্কিত হয়ে পড়ে ওই গ্রামের মানুষ। খবর দেওয়া হয় স্থানীয় গঙ্গানন্দপুর গ্রাম পঞ্চায়েতে। গ্রাম পঞ্চায়েতের প্রধান ঘটনাস্থলে আসেন। বিডিও, এসডিও, ও পুলিশ প্রশাসনকে ঘটনার কথা জানান। ঘটনাস্থল ঘিরে দেওয়ার ব্যবস্থা করা হয়। ওই ঘটনার জেরে আতঙ্কিত হয়ে পড়েছে গ্রামের বাসিন্দারা।

এই বিষয়ে গঙ্গানন্দপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান জাফর আলী মন্ডল জানালেন, জলের কলের পুরনো গর্ত থেকে জল ফুটছে সেটা আমরা দেখতে পেয়েছি এবং পাটকাঠির আগায় আগুন দিয়ে গর্তের মুখে ধরলেই দাউ দাউ করে আগুন জ্বলছে। কি কারণে এই ঘটনা ঘটছে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি সরকারিভাবে সঠিক তথ্য জানার পর বোঝা যাবে।
ঘটনাস্থলে আসেন গোপালনগর থানার পুলিশ। গ্ৰামবাসীরা চাইছেন অবিলম্বে সরকার এটার পরীক্ষা নিরিক্ষা করে স্বাভাবিক করুক। যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত প্রশাসনের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে খোদ জলের কলের গর্তের মুখে আগুন দেখে উদ্বেগে রয়েছেন এই এলাকার কয়েকশো পরিবারের লোকজন।

