হাবড়া পৌরসভার স্টোর রুমে আগুন, তৃণমূলের চক্রান্ত অভিযোগ রাহুল সিনহার

প্রতীতি ঘোষ, হাবড়া, ২৯ এপ্রিল:
বৃহস্পতিবার উত্তর ২৪ পরগনার হাবড়া পৌরসভার তিন তলায় পুরসভার রেকর্ড রুমে অকস্মাৎ আগুন লাগার ঘটনা ঘটল। হাবড়া ও অশোকনগর দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে গিযে আগুন নিয়ন্ত্রণে আনে। হাবড়া পৌরসভায় এই আগুন লাগার ঘটনাকে তৃণমূলের চক্রান্ত বলে আখ্যা দিলেন হাবড়া বিধানসভার বিজেপি প্রার্থী রাহুল সিনহা।

হাবড়া পৌরসভার কর্মচারীরা দুপুর পৌনে দুটো নাগাদ হঠাৎ পৌরসভার রেকর্ড রুম থেকে ধোঁওয়া বের হতে দেখতে পান। পৌরসভার মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়, আতঙ্কে সবাই রাস্তায় নেমে আসে। কি কারনে আগুন লাগল তা নিয়ে ধোঁয়াশা পৌরসভার কর্মীদের মধ্যে। দমকলে খবর দেওয়া হলে আগুন নেভানোর জন্য দমকলের ২টি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। দমকলের পাশাপাশি ঘটনাস্থলে ছুটে আসে হাবড়া থানার পুলিশও। এই আগুন লাগার ঘটনায় তিনতলার স্টোররুমে থাকা পৌরসভার বেশকিছু নথি পুড়ে গিয়েছে বলে পুরসভা সূত্রে খবর।

হাবড়া বিধানসভার বিজেপি প্রার্থী রাহুল সিনহা পৌরসভার এই আগুন লাগার ঘটনাকে ইচ্ছাকৃত ভাবে আগুন লাগানো হয়েছে বলে অভিযোগ করেন। তিনি এদিন বিস্ফোরক অভিযোগ করে বলেন, “তৃণমূল ইচ্ছাকৃতভাবে এই আগুন লাগিয়েছে। ওই স্টোর রুমে অনেক নথি ছিল।
তৃণমূল হারবে এটা ওরা বুঝে গেছে, ওদের কারচুপি যাতে কেউ ধরতে না পারে, তাই পৌরসভার নথিপত্রে আগুণ লাগিয়ে দেওয়া হয়েছে। ওদের চুরি ঢাকতে ওরাই আগুন লাগিয়ে দিয়েছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *