হাইভোল্টেজের তার থেকে আগুন লেগে বিপত্তি বালুরঘাটে, অল্পের জন্য বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পেল জেলা আদালত

পিন্টু কুন্ডু, বালুরঘাট, ২৬ এপ্রিল: হাইভোল্টেজের তার থেকে আগুন লেগে বিপত্তি, অল্পের জন্য বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল বালুরঘাট জেলা আদালত। মঙ্গলবার সাত সকালে এই ঘটনায় তুমুল উত্তেজনা ছড়ায় বালুরঘাটের কোর্ট মোড় এলাকায়। খবর পেয়ে দমকলের দুটি ইঞ্জিন এলাকায় পৌছে প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

জানা যায়, এদিন সকালে বালুরঘাট জেলা আদালত চত্বরে থাকা একটি তাল গাছে দাউদাউ করে আগুন জ্বলতে দেখেন স্থানীয়রা। এই খবর দমকল দপ্তরে পৌঁছতেই দুটি ইঞ্জিন নিয়ে ছুটে আসে দমকলকর্মীরা। ঘটনার খবর পেয়ে এলাকায় পৌঁছয় বালুরঘাট থানার পুলিশও। প্রায় দেড় ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন দমকলকর্মীরা।

এদিন সাতসকালের এই ঘটনায় তুমুল উত্তেজনা ছড়ায় এলাকায়। ঘটনার জেরে বেশকিছুক্ষন বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকে এলাকায়। স্থানীয় বাসিন্দা ও দমকলের প্রাথমিক তদন্তে অনুমান, শুকনো তাল গাছের পাতার পাশে হাইভোল্টেজের তার থাকায় সেখান থেকেই অগ্নিসংযোগ ঘটেছে। তবে সঠিক সময়ে দমকলকর্মীরা পৌছনোয় আদালত চত্বরে ঘটা ওই অগ্নিসংযোগে বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।

প্রত্যক্ষদর্শী বিজয় মুন্সি বলেন, হাইভোল্টেজের তার থেকেই তাল গাছে আগুন লাগে। তবে স্থানীয় বাসিন্দা ও দমকলকর্মীদের তৎপরতায় বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *