মোহনপুর গ্রাম পঞ্চায়েতে বিজেপির কার্যালয়ে আগুন, প্রতিবাদে পথ অবরোধ

আমাদের ভারত, ব্যারাকপুর, ১৯ নভেম্বর : মধ্যরাতে উত্তর ২৪ পরগনার নোয়াপাড়া বিধানসভার মোহনপুর গ্রাম পঞ্চায়েতের কয়রাপুরে বিজেপির দলীয় কার্যালয়ে রহস্যজনকভাবে আগুন লাগে। ভস্মীভূত হয়ে যায় বিজেপির ওই দলীয় কার্যালয়টি। বিজেপির অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা গভীর রাতে এই কার্যালয়টি আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে।

সামনেই রাজ্যে বিধানসভা নির্বাচন। তার আগে ক্রমশ বাড়ছে রাজনৈতিক উত্তেজনার পারদ। ব্যারাকপুর কল্যাণী এক্সপ্রেসওয়ে সংলগ্ন বিজেপির ওই কার্যালয়ে রাতে কোনও বিজেপি কর্মী থাকত না। বৃহস্পতিবার ভোরে স্থানীয় বাসিন্দারা দেখতে পান ওই কার্যালয়টি আগুনে সম্পূর্ণ পুড়ে গেছে। খবর পেয়ে ঘটনাস্থলে দমকল কর্মীরা এসে যতক্ষণে আগুন নিয়ন্ত্রণে আনে, ততক্ষণে সম্পূর্ণ পুড়ে যায় বিজেপির ওই দলীয় কার্যালয়টি। টিটাগড় থানায় এই ঘটনার অভিযোগ দায়ের করা হয়েছে বিজেপির পক্ষ থেকে।

মোহনপুর গ্রাম পঞ্চায়েত এলাকার বিজেপি নেতা প্রভাস বালা বলেন, “বিজেপি কর্মীদের ভয় দেখাতে রাজ্যের শাসকদল আশ্রিত দুষ্কৃতীরা রাতের অন্ধকারে আমাদের পার্টি অফিস পুড়িয়ে দিয়েছে। ওরা ভাবছে, আমরা ভয় পাব, ওরা ভুল ভাবছে। আমরা আগুন লাগার খবর পেয়ে সকলেই ঘটনাস্থলে উপস্থিত হয়েছি।”

এই ঘটনায় জড়িত দুষ্কৃতীদের গ্রেপ্তারের দাবিতে মোহনপুর গ্রাম পঞ্চায়েতের বিজেপি কর্মীরা প্রায় ১ ঘণ্টা ব্যারাকপুর– কল্যাণী এক্সপ্রেসওয়ে অবরোধ করে বিক্ষোভ দেখায়। যার ফলে যানজটের সৃষ্টি হয় ব্যারাকপুর–কল্যাণী এক্সপ্রেসওয়েতে। পরে ঘটনাস্থলে পুলিশ এসে দুষ্কৃতীদের গ্রেপ্তারের আশ্বাস দিলে বিজেপি কর্মীরা পথ অবরোধ তুলে নেয়।

এদিকে বিজেপির সমস্ত অভিযোগ অস্বীকার করেছে মোহনপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান নির্মল কর । তিনি বলেন, “বিজেপির গোষ্ঠী কোন্দলের কারণে এই ঘটনা ঘটেছে। এখন এই অঞ্চলে বিজেপির অনেক গোষ্ঠী। যা ঘটনা ঘটে তাতেই ওরা তৃণমূলকে বদনাম করার চেষ্টা করে। ঘটনার তদন্ত হলে নিশ্চই দোষীরা ধরা পড়বে। তৃণমূল কংগ্রেস হিংসার রাজনীতি করে না।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *