পার্থ খাঁড়া, আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ৫ জানুয়ারি: পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট ব্লকের টোপা ড্রেনেজ খাল জেলা পরিষদ সংস্কারের জন্য ওয়ার্ক অর্ডার দিয়েছিল গত ১৫ ডিসেম্বর। এর জন্য বরাদ্দ করা হয়েছে ৭৪ লক্ষ ৮৯ হাজার ১১৮ টাকা। 15th FC(2023-24) Tied Sector ফান্ডের টাকায় খালটি সংস্কার করা হবে। খাল সংস্কারের সময়সীমা ধার্য করা হয়েছে ১২০ দিন। কার্যত ২০ দিন আগে জেলা পরিষদের অতিরিক্ত নির্বাহী আধিকারিক তথা এ.ডি.এম.(জেড.পি) সংশ্লিষ্ট ঠিকাদারকে ওয়ার্ক অর্ডার দিয়েছিল।
আজ বিকালে ওই খাল সংস্কারের কাজের সূচনা হল যদুপুরের যোগীদহ নামক স্থানে। জেসিবি মেসিনে নারকেল ভেঙ্গে কাজের সূচনা করেন কোলাঘাট পঞ্চায়েত সমিতির সভাপতি সুরজিত মান্না ও স্থানীয় জেলা পরিষদের সদস্য অসীম মাজী। সূচনার সময় উপস্থিত ছিলেন কৃষক সংগ্রাম পরিষদের সম্পাদক নারায়ণ চন্দ্র নায়ক, পঞ্চায়েতের সমিতির সেচ কর্মাধক্ষ্য সহ বৃন্দাবনচক ও পুলশিটা গ্রাম পঞ্চায়েতের প্রধান এবং সাগরবাড় ও সিদ্ধা-১ গ্রাম পঞ্চায়েতের উপ প্রধান প্রমুখ।
নারায়ণবাবু বলেন, জোয়ারের জলকে কাজে লাগিয়ে কৃষকরা যাতে বোরো মরশুমের ধান চাষ করতে পারে সে কারণে দ্রুত কাজ করার জন্য এজেন্সিকে অনুরোধ করা হয়েছে। পাশাপাশি খালটি যেখানে পড়েছে, সেই দেহাটি খালটিও আগামী বর্ষার আগে সংস্কারের জন্য সেচ ও প্রশাসনিক দপ্তরের আধিকারিকের কাছে দাবি জানানো হয়েছে।
প্রসঙ্গত উল্লেখ্য, আনুমানিক ৬ কিমি দীর্ঘ এই খালটি দিয়ে বর্ষার সময় পাঁশকুড়া ও কোলাঘাট ব্লকের প্রায় ২৫ থেকে ৩০টি মৌজার জল নিকাশী হয়। কিন্তু প্রায় ২২ বছর খালটি পূর্ণ সংস্কারের অভাবে মজে গিয়ে জলনিকাশী ব্যবস্থা ভেঙে পড়েছে বলে অভিযোগ। ফলস্বরূপ গত বর্ষায় এলাকা প্রায় তিন মাস ধরে জলমগ্ন ছিল।

