টেট ২০২২ -র চূড়ান্ত প্রস্তুতি পুরুলিয়ায়

সাথী দাস, পুরুলিয়া, ১০ ডিসেম্বর: এবার টেট পরীক্ষায় কড়াকড়ি, কার্যত বজ্র আঁটুনি। আজ চূড়ান্ত প্রস্তুতি দেখা গিয়েছে পুরুলিয়া জেলা জুড়ে। জেলায় মোট পরীক্ষার্থী ২৫ হাজার ৩৪২ জন। মোট পরীক্ষা কেন্দ্র ৮২ টি। একমাত্র বিশ্ব বিদ্যালয় ছাড়াও ১৯ টি কলেজ ও ৬২ টি স্কুলে পরীক্ষা কেন্দ্র করা হয়েছে।

প্রতিটি কেন্দ্রে তিনটি করে সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে। প্রবেশ পথে পরীক্ষা কেন্দ্রে প্রবেশকারীদের মেটাল ডিটেক্টর দিয়ে পরীক্ষা করা হবে। পরীক্ষার্থীদের বায়োমেট্রিক পদ্ধতিতে উপস্থিতি যাচাই হবে। এছাড়া পেন ও অ্যাডমিট কার্ড ছাড়া কোনও কিছু নিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে পারবেন না পরীক্ষার্থীরা। লেখার জন্য বোর্ড, স্কেল, মোবাইল ফোন, হাত ঘড়ি এমনকি জলের বোতলও থাকছে নিষিদ্ধ।

সকাল সাড়ে ন’টা থেকে এগারোটা পর্যন্ত পরীক্ষার্থীরা কেন্দ্রে প্রবেশ করতে পারবেন। দুপুর ১২ টা থেকে আড়াইটে পর্যন্ত চলবে পরীক্ষা। প্রতিটি কেন্দ্রে বোর্ডের অবজারভার থাকবেন। নির্দেশ মতো পুরুলিয়া জেলায় সব রকম ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান জেলা প্রাথমিক বিদ্যালয় শিক্ষা সংসদের চেয়ারম্যান রাজীব লোচন সরেন। তিনি বলেন, “টেট ২০২২ নির্বিঘ্নে করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে। সুষ্ঠ ও শান্তি শৃঙ্খলাভাবে হবে বলে আশাবাদী।”

প্রতিটি পরীক্ষা গ্রহণ কেন্দ্র ও সংলগ্ন এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। কোনও রকম জমায়েত, মাইক বাজানো নিষিদ্ধ ঘোষণা করেছে পুরুলিয়া জেলা পুলিশ। জেলা পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় জানান, “সংলগ্ন এলাকায় জেরক্সের দোকান বন্ধ রাখার জন্য বলা হয়েছে। পুলিশি টহল থাকবে। কেন্দ্রে পুলিশ মোতায়েন করা হচ্ছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *