সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ১১ নভেম্বর: রাজ্যজুড়ে ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধিতে নাজেহাল স্বাস্থ্য দপ্তর। ডেঙ্গু মোকাবিলা করতে রাজ্য স্বাস্থ্য দফতর জোর তৎপরতা শুরু করেছে। ইতিমধ্যে জেলা স্বাস্থ্য দফতরের কাছে যা রিপোর্ট তাতে দেখা যাচ্ছে বাঁকুড়া জেলাতে ইতিমধ্যেই আক্রান্তের সংখ্যা ৩০০ পার হয়ে গেছে। আক্রান্তের সংখ্যা বাঁকুড়া পৌর এলাকাতে বেশি হলেও ব্লক এলাকাতেও আক্রান্তের সংখ্যা বাড়ছে। স্বাভাবিক ভাবেই আতঙ্ক ছড়িয়েছে বাঁকুড়া জেলা জুড়ে।
এখন আবার গোদের উপর বিষফোঁড়ার মত ফের মাথাচাড়া দিয়ে উঠছে ফাইলেরিয়া। যদিও বাঁকুড়া ও পুরুলিয়ায় ম্যলেরিয়া ও ফাইলেরিয়ার প্রকোপ বরাবরই বেশি। তবে আধুনিক চিকিৎসা বিজ্ঞান ও সচেতনতা এই ফাইলেরিয়াকে নির্মূল করতে না পারলেও অনেকটাই দমন করতে সক্ষম হয়েছে। কিন্তু ফের এই রোগের প্রকোপ বাঁকুড়া জেলাতে বাড়তে থাকায় উদ্বিগ্ন জেলা স্বাস্থ্য দফতর। তাই রোগ প্রতিরোধ ও সচেতনতা বাড়াতে লাগাতার কর্মসূচি চালাচ্ছে জেলা স্বাস্থ্য দফতর। বিভিন্ন এলাকায় সংগ্রহ করা হচ্ছে রক্তের নমুনাও। সেইমতো বৃহস্পতিবার রাতে মেজিয়া ব্লকের অর্ধগ্রাম ও তারাপুর এলাকার মোট ৬০০ জন বাসিন্দার রক্তের নমুনা সংগ্রহ করেছে ব্লক স্বাস্থ্য দফতর। যার মধ্যে ২৬০ জন পুরুষ এবং ৩৪০ জন মহিলার নমুনা সংগ্রহ করা হয়েছে। মেজিয়া ব্লক স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, মেজিয়া ব্লক স্বাস্থ্য এলাকার মোট ৫২৭ জন ফাইলেরিয়ায় আক্রান্ত রয়েছেন। সংক্রমণ ঠেকাতে পদক্ষেপ করছে স্বাস্থ্য দফতর।
মেজিয়ার ব্লক স্বাস্থ্য আধিকারিক দীপ্যমান চ্যাটার্জির কথায়, ফাইলেরিয়ার জন্য রাতে রক্তের নমুনা সংগ্রহ করা হচ্ছে। কারণ, রাতের বেলা ওই পরজীবীর অস্তিত্ব চামড়ার কাছাকাছি স্তরে ধরা পড়ে। সেই কারণেই রাতে আমাদের এই অভিযান চলছে। এটা মশাবাহিত রোগ। রক্তের নমুনায় ফাইলেরিয়ার উপস্থিতি ধরা পড়লে উপযুক্ত চিকিৎসা হবে। এই এলাকাকে ফাইলেরিয়া মুক্ত করতে এই উদ্যোগ।

