আমাদের ভারত, মুর্শিদাবাদ, ১৮ ডিসেম্বর: শুক্রবার পর ফের শনিবার মুর্শিদাবাদ জেলায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে। শুক্রবার রানীনগরে পঞ্চায়েত প্রধানকে মারধরের ঘটনার পর এবার গোষ্ঠী দ্বন্দ্বের জেরে প্রকাশ্যে মারামারি। এই ঘটনায় জখম হলেন দুইজন। শনিবার সকালে ঘটনাটি ঘটেছে জঙ্গিপুর পৌরসভা এলাকায়।
জানাগেছে, জঙ্গিপুর পৌরসভার অন্তর্গত সাত নম্বর ওয়ার্ডে পৌরসভার ড্রেন তৈরিকে কেন্দ্র করে বিধায়ক জাকির হোসেন গোষ্ঠী সাথে পৌরসভার প্রশাসক মোজাহারুল সেখ পন্থী গোষ্ঠীর মধ্যে ব্যাপক অশান্তি তৈরি হয়। হাতাহাতি জেরে জখম হন দুইজন। মারের চোটে গুরুতর জখম অবস্থায় দুইজনকে জঙ্গিপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে চিকিৎসা জন্য। এই ঘটনার প্রতিবাদে বিধায়ক জাকির হোসেনের অনুগামীরা রঘুনাথগঞ্জে দাদাঠাকুর মোড়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান।

