BJP, Egra, এগরা বিধানসভায় ভোটের আগেই দেওয়াল দখলের লড়াই, গেরুয়া ঝড়ের তীব্রতা বাড়ছে রাজনৈতিক মহলে

আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ১৫ ফেব্রুয়ারি: পূর্ব মেদিনীপুর জেলার এগরা বিধানসভায় এখনও পর্যন্ত ভোটের নির্ঘন্ট ঘোষণা হয়নি। কিন্তু নির্বাচন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে রাজনৈতিক তাপমাত্রা যে দ্রুত বেড়ে চলেছে, তা স্পষ্ট হয়ে উঠছে এলাকার বিভিন্ন দেওয়ালেই। রাত পোহানোর আগেই এগরার দোঁবাধি বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় চলছে ব্যাপক দেওয়াল লিখন, আর সেই দখল যুদ্ধে সবার আগে এগিয়ে রয়েছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)।

স্থানীয়দের দাবি, মাঝরাত থেকে ভোরের মধ্যেই একের পর এক দেওয়ালে চুন দিয়ে বড় করে লেখা হচ্ছে— “Side for BJP”। যদিও এখনই কোনও প্রার্থীর নাম প্রকাশ করা হয়নি। রাজনৈতিক মহল মনে করছে, দলের অভ্যন্তরীণ কৌশল অনুযায়ী আপাতত ভোটারদের দিকে ‘দলীয় পরিচয়’ তুলে ধরা হচ্ছে। প্রার্থীর নাম প্রকাশ করা হবে সঠিক সময় দেখে, যাতে সংগঠনের ভেতরে বা বাইরে কোনও বিতর্ক দানা বাঁধতে না পারে।

অন্যদিকে, জেলায় ক্ষমতায় থাকা তৃণমূল কংগ্রেসও পিছিয়ে নেই। যদিও এই মুহূর্তে দেওয়াল লিখনের দাপট তুলনায় কম, তবুও তৃণমূলের স্থানীয় নেতৃত্বদের দাবি, এগরা তাদের শক্ত ঘাঁটি। ভোটের মুখে মানুষের সমর্থনও রয়েছে যথেষ্ট। বিজেপির দেওয়াল দখল অভিযান রাজনীতির কৌশলমাত্র, বাস্তবে তা ভোট শতাংশে তেমন প্রভাব ফেলতে পারবে না।

এদিকে বিজেপি শিবিরের বক্তব্য সম্পূর্ণ উল্টো। তাদের দাবি, গত কয়েক বছরে এগরা-সহ পূর্ব মেদিনীপুর জেলায় গেরুয়া সমর্থন উল্লেখযোগ্যভাবে বেড়েছে। তাই চলতি বছরের বিধানসভা নির্বাচনে তারা ব্যাপক সাফল্যের প্রত্যাশা করছেন। বিজেপি নেতৃত্বের আত্মবিশ্বাস, “এইবার পরিবর্তন হবেই।”

রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, এগরা আসনটি সব সময়ই আলোচনার কেন্দ্রে। গ্রামীণ সমস্যা, স্থানীয় উন্নয়ন, কর্মসংস্থান, শিল্প, সব মিলিয়ে ভোটারদের মনোভাবে পরিবর্তন আসছে ধীরে ধীরে। ফলে এ বছরের বিধানসভা নির্বাচনে এগরায় হাড্ডাহাড্ডি লড়াই হওয়ার সম্ভাবনা প্রবল।

রাজনৈতিক ব্যানার, পতাকা, দেওয়াল দখল, সব মিলিয়ে এগরার পথঘাট এখন নির্বাচনী রঙে রঙিন। তবে শেষ পর্যন্ত এই দৌড়ে কে জিতবে, সেটাই বড় প্রশ্ন। কারণ রাজনীতি শেষমেশ নির্ভর করে মানুষের রায়ের ওপর। সময়ের অপেক্ষা— শেষ হাসি হাসবে কে, তা বলবে নির্বাচন-পরবর্তী ফলাফলই।

এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন এগরা-৩ মন্ডলের সোশ্যাল মিডিয়া ইনচার্জ বিশ্বজিৎ পয়ড়্যা, বিজেপির ৪ নম্বর শক্তিকেন্দ্র প্রমুখ শিবশঙ্কর মাইতি ও আশুতোষ জানা প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *