সাথী দাস, পুরুলিয়া, ১৭ ফেব্রুয়ারি: রক্তদান শিবিরের আয়োজন ও চিকিৎসাধীন রোগীদের হাতে ফল-মূল তুলে দিয়ে সংগঠনের ৩১তম প্রতিষ্ঠা দিবস পালন করল ‘ফাইট ফর পুরুলিয়া’। একই সঙ্গে প্রয়াত প্রাক্তন সাংসদ ও পুরুলিয়ার অন্যতম রূপকার দেবেন মাহাতোর ৪৭ তম প্রয়াণ দিবস মর্যাদার সঙ্গে পালন করল তারা। স্মৃতি চারণ ও নীরবতা পালনও হয়। আজ পুরুলিয়ার দেবেন মাহাতো সদর হাসপাতাল চত্বরে প্রয়াত বিশিষ্ট সমাজসেবী দেবেন মাহাতোর আবক্ষ মূর্তিতে মালা পরিয়ে পুষ্পাঞ্জলি দিয়ে শ্রদ্ধা জানান সংস্থার সভাপতি সন্দীপ গোস্বামী। ছিলেন বিশিষ্ট সমাজসেবী উত্তম ব্যানার্জি সহ অন্যান্যরা। সমাজসেবী সংগঠন ‘ফাইট ফর পুরুলিয়া’র সদস্য সদস্যারা সদর হাসপাতাল ও বিভিন্ন নার্সিং হোমের চিকিৎসাধীন রোগীর হাতে ফল তুলে দিয়ে দ্রুত সুস্থতা কামনা করেন। হাসপাতাল চত্বরে আয়োজিত হয় রক্তদান শিবির। সেখানে ৫১ জন স্বেচ্ছায় রক্তদান করেন।

প্রয়াত দেবেন মাহাতোর মৃত্যু দিবসেই প্রকৃত সমাজ সেবার উদ্দেশ্যেই ফাইট ফর পুরুলিয়ার আত্ম প্রকাশ হয়। বিশিষ্ট সমাজসেবী পুরুলিয়া শহরের বাসিন্দা সন্দীপ গোস্বামীর উদ্যোগে মূলত এই সমাজ সেবামূলক সংগঠনটির প্রতিষ্ঠা হয় আজকের দিনে। রক্তদান করে থ্যালাসেমিয়া রোগীর পাশে দাঁড়িয়ে প্রতিষ্ঠানটি প্রশংসিত হয় বিভিন্ন মহলে ও পুরুলিয়াবাসীর থেকে। প্রয়োজনীয় চিকিৎসার সরঞ্জাম, রক্তদান করে বছর ভর অসহায় মানুষ, রোগীর পাশে থাকে এই সংগঠন। অসহায়দের হুইল চেয়ার, অক্সিজেন সিলিন্ডার পৌঁছে দেয় এই সংগঠনটি। দেখা গিয়েছে মৃত অসহায় পরিবারের পাশে থাকতে। অস্থি বিসর্জন করা, শেষ কৃত্য, শ্রাদ্ধানুষ্ঠানের আয়োজন করে অসহায় পরিবারের পাশে দাঁড়ায় তারা। এই সব সামাজিক কাজে নিজেদের যুক্ত রাখতে পারে গর্বিত সংগঠনের সভাপতি সন্দীপ গোস্বামী। তিনি বলেন, “আমাদের প্রত্যাশা, সাধারণ মানুষের সুচিন্তিত মতামত ও পরামর্শ পেয়ে আরও ভালো কাজ আগামী দিনে করতে পারব।”


