রাজেন রায়, কলকাতা, ২২ ফেব্রুয়ারি: প্রথম দফায় স্বাস্থ্যকর্মীদের টিকাকরণের পর দ্বিতীয় দফায় পুলিশ পুরসভা কর্মীদের টিকাকরণ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। এবার তৃতীয় দফায় পঞ্চাশোর্ধ ব্যক্তিদের টিকাকরণের অপেক্ষায় গোটা দেশ। কিন্তু এই দফার টিকাকরণে কোভিড ফ্রন্টলাইন যোদ্ধাদের মত পঞ্চাশোর্ধ ব্যক্তিদের সকলকে বিনামূল্যে টিকাকরণ নাও দেওয়া হতে পারে। ষাটোর্ধ্ব ব্যক্তিদের এই টিকা বিনামূল্যে দেওয়া হলেও পঞ্চাশোর্ধ ব্যক্তিদের ক্ষেত্রে দুই ভাগে ভাগ করা হবে। যার মধ্যে একটি শ্রেণি বিনামূল্যে পেলেও অপর শ্রেণি তা পাবেন না বলে সূত্রের খবর।
মোটামুটি ২৭ কোটি নাগরিক পরের টিকা পেতে পারেন। মার্চের শুরুর দিকেই তৃতীয় দফার করোনা টিকাকরণ শুরু হতে পারে বলে জানা গেছে। নাম প্রকাশে অনিচ্ছুক ওই সরকারি আধিকারিকের বক্তব্য, ‘যাঁরা টিকা পাবেন, তাঁদের দু’টি গোষ্ঠীতে ভাগ করা হবে। কারা বিনামূল্যে পাবেন আর কাদের টাকা দিয়ে টিকা কিনতে হবে, তা নিয়ে এখনও ভাবনা চিন্তা করছে সরকার। টিকাকরণ শুরু হলে রেজিস্ট্রেশনের সময়েই তা জানিয়ে দেওয়া হবে। তবে একটি বাড়তি সুবিধাও রাখা হতে পারে। নিজের নির্বাচনী কেন্দ্রের বাইরে অন্য রাজ্যে গিয়েও টিকা নেওয়া যাবে।’
জানা গিয়েছে, কো–উইন অ্যাপে গিয়ে নাম নথিভুক্ত করার সময়ে ভোটার এবং আধার কার্ডের তথ্য দিতে হবে। ওই অ্যাপই দেখিয়ে দেবে, কোথায় কোথায় টিকা দেওয়া হচ্ছে। সেখান থেকে পছন্দমতো জায়গা এবং সময় বেছে তখনই জানিয়ে দিতে হবে।’ তবে পুরো বিষয়টি পরে ঘোষণা করা হবে।

