পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২১ মার্চ: ঈদ উপলক্ষে সারা দেশের পাশাপাশি পশ্চিম মেদিনীপুর জেলাতেও উৎসবের আমেজ। মুসলিম সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ঈদুল ফিতর আনন্দ, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধের বার্তা নিয়ে এসেছে।

রোজার এক মাস শেষে নতুন চাঁদ দেখার পর আজ সকাল থেকেই ঈদের নমাজের জন্য মসজিদ ও ঈদগাহে মানুষের ঢল নামে। নমাজ শেষে একে অপরকে কোলাকুলি করে শুভেচ্ছা বিনিময় করেন। “ঈদ মোবারক” ধ্বনিতে মুখর হয়ে ওঠে চারদিক।

এদিকে, প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তার ব্যবস্থা জোরদার করা হয়েছে। গুরুত্বপূর্ণ স্থানগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং যানবাহন চলাচল নিয়ন্ত্রণে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। সামনেই নির্বাচন, তাই রাজনৈতিক দলগুলোও ভোটে মুসলিম সম্প্রদায়ের ভোট পেতে আগ্ৰহী। তাই সকাল থেকেই মেদিনীপুর বিধানসভার তৃণমূল প্রার্থী সুজয় হাজরা বিভিন্ন মহল্লায় গিয়ে শুভেচ্ছা বিনিময় করেন।

সর্বোপরি, শান্তি, ভালোবাসা ও ঐক্যের বার্তা নিয়ে এসেছে এবারের ঈদ। সবাইকে ঈদের শুভেচ্ছা—ঈদ মোবারক জানিয়েছেন পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর বিধানসভার তৃণমূল প্রার্থী সুজয় হাজরা।

