আমাদের ভারত, জলপাইগুড়ি, ১২ আগস্ট: ছেলের মারে মৃত্যু হলো বাবার। শনিবার ঘটনাটি ঘটে জলপাইগুড়ির ডেঙ্গুয়াঝাড় চা বাগানের বড় লাইন এলাকায়। এলাকাবাসীরা অভিযুক্ত ছেলেকে আটক করে কোতোয়ালি থানায় খবর দেয়। এরপর পুলিশ এসে অভিযুক্ত ছেলেকে থানায় নিয়ে যায়।
পুলিশ জানায়, মৃতের নাম কালসু ওরাও (৬৫), বাড়ি ডেঙ্গুয়াঝাড় চা বাগানের বড় লাইনের বাসিন্দা। আটক ছেলের নাম দীনু ওরাও। পুলিশ জানায়, মৃতদেহ উদ্ধার করে ময়নাতন্তের জন্য পুলিশ মর্গে নিয়ে যাওয়া হয়েছে। স্থানীয়দের দাবি, গতকাল রাত থেকে কালসু’র সঙ্গে বড় ছেলে দীনুর বচসা হচ্ছিল। অভিযোগ, কালসু নেশাগ্রস্ত অবস্থায় বাড়িতে এসে চিৎকার চেঁচামেচি করছিল। এর জেরে কারও ঘুম হচ্ছিল না। এই নিয়ে দীনুর সঙ্গে মারপিট হয়। সকালে সকলের নজরে পড়ে কালসু মৃত অবস্থায় পরে আছে। এই খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় কালসুর ছোট ছেলে ভাদোয়া ওরাও। দুই ভাইরের মধ্যে শুরু হয় মারপিট। একে অপরকে ধারালো অস্ত্রের আক্রমণে জখম হয় দু’জনই।
এলাকার প্রাক্তন পঞ্চায়েত সদস্য সূর্য মুন্ডা বলেন, “বাবা ছেলের বিবাদ হয়। বাবা মারা যায়। যদি খুন করে থাকে ছেলে সাজা পাবে।”
এদিকে অভিযুক্ত ছেলে দীনু ওরাও বলেন, “আমি লাঠি দিয়ে মেরেছি পায়ে। সবাই বলছে আমি নাকি খুন করেছি বাবাকে। তবে অভিযোগ মিথ্যে।”

