ছেলের হাতে বাবা খুন মল্লারপুরে

আশিষ মণ্ডল, আমাদের ভারত, বীরভূম, ২০ নভেম্বর: সোনার গয়না খোওয়া যাওয়া নিয়ে দুই ছেলের মধ্যে বিবাদ থামাতে গিয়ে ছোট ছেলের ধারালো অস্ত্রের কোপে মৃত্যু হল বাবার। ঘটনাটি ঘটেছে বীরভূমের মল্লারপুর থানার হাজিপুর গ্রামে। মৃতের নাম সাবির আলী। তিনি শান্তিনিকেতনে নিরপত্তারক্ষী পদে কর্মরত ছিলেন।

জানা গিয়েছে, সাবির আলীর মেজো ছেলে আবুতালেম আলীর একটি সোনার বেসলেট খোওয়া যায় দিন কয়েক আগে। আবুতালেমের সন্দেহ তার ছোট ভাই সাহাউদ্দিন আলী ওই গয়না চুরি করেছে। বিষয়টি নিয়ে দিন কয়েক ধরে দুই ভাইয়ের মধ্যে বিবাদ চলছিল। দুই ছেলের বিবাদ মেটাতে শুক্রবার রাতে সাবির আলী বাড়ি ফিরে দুই ছেলেকে সঙ্গে নিয়ে মীমাংসা করতে বসেন। সেই সময় ছোট ছেলে সাহাউদ্দিন আলি মেজো ছেলে আবু তালেম আলীর বাম হাতে ধারালো অস্ত্র দিয়ে কোপ মারে। সাবির আলী সেইসময় ছোট ছেলেকে আটকাতে গেলে সাবির আলীর বুকে ধারালো অস্ত্র দিয়ে দুটি কোপ মারে ছোট ছেলে সাহাউদ্দিন আলী। এরপরেই ঘর থেকে পালিয়ে যায় ছোট ছেলে। গুরুতর জখম অবস্থায় সাবির আলীকে রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানেই তিনি মারা যান। ঘটনার তদন্ত শুরু করেছে মল্লারপুর থানার পুলিশ।

মৃতের নিকট আত্মীয় সিরাজুল শেখ বলেন, “শুক্রবার রাতে দুই ছেলেকে নিয়ে মীমাংসায় বসেছিল সাবির। গ্রামে জলসা চলছিল। আমরা সবাই জলসায় ছিলাম। এরই মধ্যে ছোট ছেলে প্রথমে তার মেজো ভাইয়ের হাতে ধারালো অস্ত্রের কোপ মারে। সাবির আটকাতে গেলে তার বুকে পর পর দুবার ধারালো অস্ত্রের কোপ মারে। তার আগে সকালে শুন্যে এক রাউন্ড গুলি ছোড়ে ছোট ছেলে। বাবাকে মেরেই সে মোটরবাইক নিয়ে পালিয়ে যায়”। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *