চাকুলিয়ায় বৌমার বাড়ির লোকেদের হাতে খুন শ্বশুর

স্বরূপ দত্ত, আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ১৪ সেপ্টেম্বর: বৌমার বাড়ির লোকেদের হাতে খুন হতে হল শ্বশুরে। এই ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। ঘটনায় আহত আরও চারজন। ঘটনাটি ঘটেছে চাকুলিয়া থানার তরিয়াল গ্রাম পঞ্চায়েতের খিকরিটোলা এলাকার ভান্ডার গ্রামে। মৃত ব্যক্তির নাম মহম্মদ জালিমুদ্দিন (৫২)। আহতদের ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় চাকুলিয়া থানার পুলিশ। ঘটনার পর থেকে পলাতক বৌমার বাড়ির লোকেরা।

পরিবারসূত্রে জানা গিয়েছে, চাকুলিয়া থানার তরিয়াল গ্রাম পঞ্চায়েতের খিকরিটোলা এলাকার ভান্ডার গ্রামের বাসিন্দা মুজামবিল হকের মেয়ে রুকেজা বেগমের সাথে মহম্মদ জালিমুদ্দিনের ছেলে জিকরে আলমের সাথে কয়েক মাস আগে বিয়ে হয়। বিয়ের কয়েক দিনের মাথায় ছেলেটি কাজের সূত্রে ভিন্ন রাজ্যে চলে যায়। মেয়েটি হঠাৎ গত শুক্রবার বাপের বাড়ি চলে যায়। সেখানে গিয়ে বাড়ির লোকেদের শ্বশুরবাড়ির লোকেদের বিরুদ্ধে মারধরের অভিযোগের কথা বলে। এই ঘটনায় মেয়ের বাড়ির লোকজন গ্রামের মাতব্বরদের নিয়ে সালিশি সভা ডাকে। ওই সালিশি সভায় তরিয়াল গ্রাম পঞ্চায়েতর সদস্য উপস্থিত থাকতে পারবেন না বলে জানিয়ে দেন ছেলের বাড়ির লোকেদের। মেয়ে বাড়ির লোকজন সহ গ্রামের মাতব্বরা তার বাড়িতে গিয়ে লাঠি সোঁঠা নিয়ে হামালা করে, বাড়িতে ঢুকে লুটপাট চালায়। বাড়ির লোকজনদের মারধর করে। তাদের মারধরের ফলে গুরুতর আহত হয় মহম্মদ জালিমুদ্দিন সহ আরও চার জন। তড়িঘড়ি জালিমুদ্দিনকে চাকুলিয়া ব্লক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। আহতদের অবস্থা অবনতি হওয়ায় তাদের ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় চাকুলিয়া থানার বিশাল পুলিশ বাহিনী। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এই ঘটনায় মৃত মহম্মদ জালিমুদ্দিনের পরিবারের পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়। তবে এখনও পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি। ঘটনার তদন্ত শুরু করেছে চাকুলিয়া থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *