আমাদের ভারত, কোচবিহার, ৪ আগস্ট: বাবা বিজেপি কর্মী তাই মেয়েকে দেওয়া হলো না ইনকাম সার্টিফিকেট। এমনই অভিযোগ উঠেছে তুফানগঞ্জের বারো কোদালি ২ গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের বিরুদ্ধে। ওই ছাত্রীদের অভিযোগ, তাদের ঘাড় ধাক্কা দিয়ে গ্রাম পঞ্চায়েত অফিস থেকে বের করে দেওয়া হয়। এরপর তারা পথ অবরোধ শুরু করে। ঘটনাস্থলে পুলিশ।
একাদশ শ্রেণির ছাত্রী অর্পিতা রাভা অভিযোগ করেন , আজ দুপুরে সে ও তার কয়েকজন সহপাঠিনী ইনকাম সার্টিফিকেট আনতে গ্রাম পঞ্চায়েত অফিসে যায়, সেই সময় কিছু তৃণমূল কংগ্রেস স্থানীয় নেতা তাদের দেখতে পেয়ে বাধা দেয় এবং গ্রাম পঞ্চায়েত অফিস থেকে বের করে দেওয়া হয় তাদের। ওই ছাত্রীর অভিযোগ তার বাবা বিজেপি করে বলে সার্টিফিকেট দেওয়া হয়নি। ঘটনার প্রতিবাদে এ দিন রাস্তায় বসে যায় ওই ছাত্রীরা, ফলে যানজটের সৃষ্টি হয়। ঘটনাস্থলে এসে পৌঁছায় বক্সিররহাট থানার পুলিশ।

ঘটনার তীব্র নিন্দা করেছে বিজেপি। তুফানগঞ্জ বিধানসভার সংযোজক উৎপল দাস বলেন, “রাজ্যের কি অবস্থা এই ঘটনা থেকে প্রমাণ হয়, বাবা বিজেপি করে, এই জন্য মেয়েকে ইনকাম সার্টিফিকেট দেওয়া হচ্ছে না, ঘাড় ধাক্কা দিয়ে গ্রাম পঞ্চায়েত অফিস থেকে বের করে দেওয়া হচ্ছে। এ কোন দেশে আছি আমরা?'”
যদি অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস তাদের দাবি পুরো অভিযোগ ভিত্তিহীন এবং সাজানো। তৃণমূল কংগ্রেস এ ধরনের ঘটনা সমর্থন করে না বলে জানিয়েছেন স্থানীয় তৃণমূল নেতা সুরেন্দ্র বর্মন।

