সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ২ আগস্ট: সাত সকালে ফুল তুলতে যাওয়াই হলো কাল। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল বাবা ও ছেলের। বুধবার মর্মান্তিক ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বাগদা থানার সিন্দ্রানী গ্রামে। কান্নায় ভেঙে পড়েছে পরিবার সহ এলাকার বাসিন্দারা।
পুলিশ জানিয়েছে, মৃতদের নাম বাবা সমীরচন্দ্র দাস (৬২) ও ছেলে বিকাশ দাস (৪২)। বাগদার সিন্দ্রানী গ্রাম পঞ্চায়েতের মাগুরকোনা এলাকার বাসিন্দা। ছেলে বিকাশের বাজারে বৈদ্যুতিক সরঞ্জামের দোকান রয়েছে।
স্থানীয় সূত্রের খবর, প্রতিদিন সকালে ফুল তুলতে বের হতেন বাবা সমীরচন্দ্র দাস। এদিনও তার অন্যথা হয়নি। বৃষ্টি কমতেই বেরিয়ে পড়েন ফুল তুলতে। রাস্তার পাশে একটি ছোট গাছে ক্যাবল লাইনের তার ডালের উপর পড়ে থাকতে দেখেন তিনি। সেই তার তুলতেই বিপত্তি। ডালটি ধরতেই বিদ্যুৎস্পৃষ্ট হন সমীরবাবু। চিৎকার শুরু করেন তিনি। আর্তনাদ শুনেই বাবাকে বাঁচাতে ছুটে যান ছেলে বিকাশবাবু। বাবাকে ধরতেই বিকাশও বিদ্যুৎস্পষ্ট হন। প্রায় পাঁচ থেকে ছয় মিনিট মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়েন বাবা ও ছেলে। চিৎকার শুনে বড় ছেলে সহ প্রতিবেশীরা তাদের উদ্ধার করে বনগাঁ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাদের মৃত বলে ঘোষণা করে। ঘটনাকে কেন্দ্র করে শোকের ছায়া নেমে আসে এলাকায়।
সমীরচন্দ্রের বড় ছেলে বিধান দাস বলেন, “বাবা ফুল তুলতে গিয়ে দেখতে পায় একটি তার গাছে পড়ে রয়েছে। সেটা সরাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। আমি ওঁকে ছাড়াতে গেলে বিদ্যুতের শক খাই। আমার ভাই বিকাশও শক খায়। ওদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু বাঁচানো যায়নি।”

