ডালখোলায় ২ বছরের শিশু কন্যাকে খুনের অভিযোগ বাবার বিরুদ্ধে

স্বরূপ দত্ত, আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ২৫ এপ্রিল: পারিবারিক অশান্তির জেরে এক দুই বছরের শিশুকন্যাকে খুন করার অভিযোগ উঠল বাবার বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে, উত্তর দিনাজপুর জেলার ডালখোলা থানার বাজারগাঁও ২ নং অঞ্চলের সোনারামপুর গ্রামে। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত বাবার নাম ফেকারুল। সে পেশায় দিনমজুর।

জানা গিয়েছে মাঝে মধ্যেই বিভিন্ন বিষয় নিয়ে ফেকারুল ও তার স্ত্রীর মধ্যে ঝামেলা চলত। রবিবার রাতে রোজা ভাঙার সময়ও দম্পতির মধ্যে আবার অশান্তি শুরু হয়। তার কিছুক্ষণ বাদে ফেকারুল ঘুমন্ত অবস্থায় ছোট্ট শবনমকে তুলে নিয়ে গিয়ে পাশেই সুধানি নদীতে ফেলে দেয় বলে অভিযোগ উঠেছে।

এদিকে দীর্ঘক্ষণ মেয়েকে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে পরিবারের লোকজন। পরে ঘটনার কথা সবার সামনে নিজেই স্বীকার করে অভিযুক্ত বাবা। জলে ডুবে মারা যায় শিশুটি। এলাকার লোকজন গিয়ে ভাসমান অবস্থায় থাকা শবনমের দেহ উদ্ধার করে। পুলিশ ঘটনাস্থল থেকে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে অভিযুক্ত বাবাকে গ্রেফতার করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *