১০০টি হাতির তাণ্ডবে নাজেহাল কলাইকুন্ডা এলাকার চাষিরা

পার্থ খাঁড়া, আমাদের ভারত, মেদিনীপুর, ৭ ডিসেম্বর: দুই প্রান্তের চাষীদের মরিয়া লড়াই চলছে হাতির পালকে চাষের জমি থেকে দূরে সরিয়ে রাখা। সেই লড়াইয়ের মাঝে রয়েছে ঝাড়গ্রামের দিক থেকে আসা ১০০ টি হাতি। একদিকে মেদিনীপুর সদর ব্লক, অন্যদিকে রয়েছে কলাইকুন্ডা রেঞ্জ এলাকার লোকজন।

সোমবার ও মঙ্গলবার দুদিনই সন্ধ্যা থেকে বিশাল বিশাল মশাল নিয়ে ১০০ হাতিকে তাড়িয়ে মেদিনীপুর সদরের দিকে পাঠানোর চেষ্টা করলেও কলাইকুন্ডা রেঞ্জ এলাকার হুলাপাটিদের চেষ্টা ব্যর্থ হতে হয়েছে। কলাইকুন্ডা রেঞ্জের দিক থেকে মেদিনীপুরে ঢোকার আগে যে কোনও কারণে পুনরায় ফিরে গিয়ে হাতির পাল আশ্রয় নিয়েছে জাটিয়ার জঙ্গলে।

ঝাড়গ্রামের সাঁকরাইল হয়ে ১০০টি হাতি প্রবেশ করেছে কলাইকুন্ডা রেঞ্জ এলাকাতে। এক সপ্তাহের বেশি সময় ধরে সেই হাতিদের তাণ্ডবে যেমন আতঙ্কিত গ্রামবাসীরা, তেমনি আতঙ্কিত বনদপ্তরের কর্তারাও। কারণ এই মুহূর্তে পাকা ধান কেটে বাড়িতে তোলার চেষ্টা করছেন কৃষকরা। মাঠে থাকা সেই পাকা ধান খেয়ে ও মাড়িয়ে নষ্ট করে দিচ্ছে হাতির পাল।

স্থানীয় গ্রামবাসীরা জানান, হাতির পালগুলিকে নজরে রাখলেও প্রতিদিন দুবেলা জঙ্গল থেকে বেরিয়ে চাষের জমিতে ভরপেট ধান খেয়ে ও মাড়িয়ে নষ্ট করছে। আবার তাড়ানোর সময় হুলাপার্টি ও হাতির বিশাল পাল ডবল করে নষ্ট করছে। গত দুদিনে সেই ক্ষতির পরিমাণ চরমে গিয়েছে। তাই অবিলম্বে ক্ষতিপূরণ, সেইসঙ্গে হাতি তাড়িয়ে এলাকাকে নিরাপদ করার দাবি করেছেন তারা। মেদিনীপুর সদরকে রক্ষা দিয়ে হাতির পাল এখন জাটিয়া জঙ্গল এলাকাতেই রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *