অমরজিৎ দে, ঝাড়গ্রাম, ২২ মে: আবহাওয়া দফতরের পূর্বাভাস যদি সত্যি হয় তাহলে আগামী সপ্তাহের প্রথম কয়েকদিনের মধ্যেই বঙ্গোপসাগরের বাংলা ওড়িশা সীমান্তে আছড়ে পড়তে পারে শক্তিশালী ঘূর্ণিঝড়’ইয়াস’। সেই ঘূর্ণিঝড়ের ক্ষয়ক্ষতির সম্ভাবনার কথা বিবেচনা করে রাজ্য প্রশাসনের পক্ষ থেকে যেমন সাধারণ মানুষকে সচেতন করা হয়েছে তেমনি কৃষি দপ্তরের পক্ষ থেকে চাষিদের পরিপক্ক ফসল ঝড়ের আগে ঘরে তুলতে পরামর্শ দেওয়া হয়েছে। সেই মতো ঘূর্ণিঝড় ইয়াস থেকে ফসলের ক্ষয়ক্ষতি রক্ষা করতে গোপীবল্লভপুর এলাকার চাষিদের দেখা গেল পরিপক্ক ফসল তড়িঘড়ি ঘরে তুলতে। এদিন গোপীবল্লভপুরের আলমপুর, পিড়াশিমূল, টোপগেড়িয়া এলাকার চাষিরা মাঠের ধান ঘরে তোলার জন্য যেমন তৎপরতা শুরু করেছেন সেরকম ডাল জাতীয় ফসল কিংবা বাদাম, তিল এই সমস্ত বোরো মরসুমের ফসল তড়িঘড়ি ঘরে তুলছেন ঘূর্ণিঝড় ইয়াসের হাত থেকে ফসল রক্ষা করতে।
চাষিরা জানান, আগের বছর আমফানে প্রচুর ফসলের ক্ষয়ক্ষতি হয়েছিল, তাই এবছর যাতে ক্ষতি না হয় তার জন্য তড়িঘড়ি ফসল তুলে নিয়ে যাওয়া হচ্ছে।

