বৃষ্টিতে পুরুলিয়ায় ফসল নষ্টের সম্ভাবনা, ক্ষতি পূরণের দাবি কৃষকদের

সাথী দাস, পুরুলিয়া, ১৩ নভেম্বর: হঠাৎ বৃষ্টির কারণে আমন ধান ও সবজি চাষের ব্যাপক ক্ষতির সম্ভাবনা দেখা দিয়েছে জেলায়। ক্ষতির আশঙ্কা করছেন চাষিরা। ধান কাটা শুরু হয়েছে। মাঠের মধ্যেই পড়ে রয়েছে সেই ধান। আর সেই পড়ে থাকা ধান নিয়ে ক্ষতির সম্ভাবনা রয়েছে। এই আশঙ্কা থেকেই কৃষকরা ক্ষতিপূরণের দাবি জানান। কারণ ভৌগোলিক অবস্থানের কারণে মালভূমি এই এলাকায় শুধু মাত্র আমন চাষ হয়ে থাকে। আর তার উপর নির্ভরশীল প্রান্তিক চাষি ও কৃষিজীবী মানুষ। স্বভাবতই ক্ষতির আশঙ্কায় এই দাবি করছেন তাঁরা। জেলার সবচেয়ে বেশি ফসলের ক্ষতির সম্ভাবনা রয়েছে ঝালদা মহকুমা এলাকায়।

ঝালদার মসিনা গ্রামের কৃষক অরুণ কুমার মাহাতো বলেন, “তিন একর জমিতে ধান লাগিয়েছিলাম। অর্ধেক জমির ধান কাটা হয়ে মাঠেই পড়েছিল। বৃষ্টিতে নষ্ট হয়ে গেল। ঋণ করে চাষ করেছি। এই ক্ষতি পূরণ কীভাবে করব বুঝে উঠতে পারছি না। সরকারিভাবে বিষয়টি বিবেচনা করার অনুরোধ রাখছি।”

ওই এলাকার কৃষক গোপাল মাহাতো বলেন, তিনভাই মিলে সাড়ে তিন বিঘা জমিতে ধান চাষ করেছিলাম। নষ্ট করে দিল অকাল বৃষ্টি। ক্ষতিপূরণ সরকারকেই দিতে হবে।”

জেলা কৃষি আধিকারিক আশীষ ব্যানার্জি বলেন, “কাটা ধান মাঠে পড়ে থাকলে নষ্ট হবেই। বৃষ্টি ফলনের লক্ষ্য মাত্রা পূরণে বাধা হবে। আমরা সার্বিকভাবে নজরে রাখছি।”

নিম্নচাপের জেরে সকাল থেকে টানা বৃষ্টির জেরে জনজীবন ব্যাহত হয়ে পড়েছে পুরুলিয়ায়। আজ সকাল থেকে মেঘলা আকাশ, সঙ্গে ঝিরিঝিরি বৃষ্টি হওয়ায় সমস্যা পড়েছেন সাধারণ মানুষ। একই সঙ্গে টানা বৃষ্টির জেরে দৈনন্দিন পেশাগত কারণে বাড়ির বাইরে যাওয়া মানুষজন সমস্যায় পড়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *