অবৈধ নির্মাণ বন্ধ ও খাল সংস্কারের দাবিতে চাষিদের অবরোধ পিংলায়

জে মাহাতো, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১০ ডিসেম্বর: সেচ খালের ওপর অবৈধ নির্মাণ বন্ধ করার এবং খাল সংস্কারের দাবিতে শুক্রবার পিংলা থানার মালিগ্রাম বাজারে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালেন চাষিরা। বিক্ষোভের জেরে বালিচক- ময়না রাজ্য সড়ক প্রায় দু ঘণ্টা অবরুদ্ধ থাকার পর পুলিশ অবরোধকারীদের সরিয়ে দিয়ে যান চলাচল স্বাভাবিক করে।

মালিগ্রাম এলাকার চাষীদের অভিযোগ, এক দশক ধরে সেচ খালের ওপর অবৈধ নির্মাণ চলতে থাকায় খালের জল ধারণ ক্ষমতা কমে গেছে। ফলে সামান্য বৃষ্টিতেই খালের জল উপচে ক্ষেতে ঢুকে ফসলের সর্বনাশ করে দিচ্ছে। এলাকার পাঁচ ছয়টা গ্রামের কয়েকশ বিঘা জমির পাকা ধান জলের তলায় চলে গেছে। রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষুব্ধ চাষিরা দাবি জানান, সেচ খালের সংস্কার এবং খালের ওপর থেকে সমস্ত বেআইনি নির্মাণ উচ্ছেদ করতে বিডিওকে ঘটনাস্থলে এসে আশ্বাস দিতে হবে। এই দাবিতে ক্ষতিগ্রস্ত চাষিদের অবরোধ চলে সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত। পরে পিংলা থানার পুলিশের হস্তক্ষেপে অবরোধ উঠে যায় বলে জানাগেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *