অমরজিৎ দে, ঝাড়গ্রাম,২৩ ডিসেম্বর: একে ঘূর্ণিঝড়ের দাপটে ফসল বেশির ভাগ নষ্টের মুখে, তার উপরে গজরাজের দাপটে সেই অবশিষ্ট ফসল ঘরে তোলা আদৌও যাবে কী না তা বুঝে উঠতে পারছেন না চাষিরা। ঝাড়গ্রামজুড়ে চাষি মহলের এমনই দুর্দশা। চলতি বছরে এমনিতেই প্রকৃতির খামখেয়ালিপনা আর ঘূর্ণিঝড়ের দাপটে মাথায় হাত চাষিদের। বছর শেষে সোনালী ফসল মাঠে মারা গেছে। সেই ক্ষতি কিছুটা কাটিয়ে উঠতে না উঠতেই দাপট দেখাতে শুরু করেছে দলমার হাতির দল।

ঝাড়গ্রাম জেলার সাঁকরাইলের খুদমরাই অঞ্চলের শিরিষবনী, ডুমুরিয়া গ্রাম সহ মাঠে মাঠে বুনো হাতির পাল। মাটির ঘর, ক্ষেতের ধান, সবজি নষ্ট করায় চাষিদের দুর্দশা আরও সঙ্গীন। সার, বীজ সব কিছুরই দাম ঊর্ধ্বমুখী। বেশ কিছু জায়গায় সারের দাম নিয়ে কালোবাজারি গেছে সবকিছু দাঁতে দাঁত চেপে সহ্য করেও কেউ ব্যাংক থেকে লোন নিয়ে কেউবা মহাজনের কাছ থেকে চড়া সুদে ঋণ নিয়ে কোনও রকমে চাষ করেছিলেন। কিন্তু হাতির পালের অত্যাচারে দিশেহারা চাষিরা বনদপ্তরে অভিযোগ জানিয়েও কোনওরকম হয়নি এমনটাই দাবি স্থানীয়দের। তারা চাইছেন কোনও ভাবে এই পরিস্থিতি থেকে নিস্তার পেতে।

