স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ২১ অক্টোবর: নবদ্বীপের শ্রীকৃষ্ণপুর এলাকায় মাটি মাফিয়াদের দৌরাত্ম্য চরমে। অভিযোগ, ভাগীরথী নদীর তীরবর্তী এলাকার চাষের জমি দখল করে ঐ এলাকারই ইঁট ভাটার মালিক সহ একাধিক ব্যক্তি বালি বিক্রি করে দিচ্ছে দিনে দুপুরে এমনটাই অভিযোগ স্থানীয় চাষিদের। তারা জানান, বিভিন্ন সময় অভিযোগ জানালে নবদ্বীপ থানার পুলিশ বিনা দোষে তুলে নিয়ে গিয়ে আটকে রাখছে। ভয়ে তাদের শেষ সম্বল চাষের জমি টুকুও বাঁচাতে পারছেন না।

খবর পেয়ে ঘটনাস্থলে যান ভূমি দপ্তরের আধিকারিকরা। পরিদর্শন করতে আসা আধিকারিকরা গ্রামবাসীদের আশ্বাস দেন এই ঘটনার তদন্ত করে সঠিক ব্যবস্থা নেওয়া হবে।তবে সুত্রের খবর, শাসক দল ঘনিষ্ট হওয়ায় অভিযুক্তদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হয়না বলে অভিযোগ করেন গ্রামবাসীরা। তবে কার মদতে বা কার পৃষ্ঠপোষকতায় এত সক্রিয় মাটি মাফিয়ারা, তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে। আর এই খবর প্রকাশ্যে আসতেই নবদ্বীপের এক বৈদ্যুতিক মাধ্যমের সাংবাদিকের বিরুদ্ধে মাটি মাফিয়ারা নবদ্বীপ থানার যোগ সাজোসে রীতিমতো ধর্ষণের অভিযোগ দিয়েছে। যা গোটা পশ্চিমবাংলায় নজির বিহীন ঘটনা।

শুধুমাত্র নদীয়া জেলার নবদ্বীপ নয়, গঙ্গার তীরবর্তী শান্তিপুর থেকে শুরু করে রানাঘাট চাকদহ কল্যাণী সহ একাধিক জায়গায় মাটি মাফিয়াদের দিনে দুপুরে এই রমরমে ব্যবসা চলছে পুলিশের নাকের ডগায়।


