সাথী দাস, পুরুলিয়া, ৪ ডিসেম্বর: বুনো হাতির আক্রমণে অল্পের জন্য প্রাণে বাঁচলেন এক কৃষক। ঘটনাটি ঘটে বাঘমুন্ডি ব্লকের অন্তর্গত তুন্তুরী সুইসা অঞ্চলের গাগী গ্রামের সংলগ্ন রেল গেটের সামনে। হঠাৎ করে রাস্তায় দলছুট একটা হাতি এক কৃষকের সামনে এসে পড়ে। তবে, অল্পের জন্য প্রাণে বাঁচলে ওই কৃষক।
আজ সাতসকালে ঝাড়খন্ড থেকে একটি দল ছুট হাতি বাঘমুন্ডির জনপদ সংলগ্ন এলাকায় ঢুকে পড়ে। এতে গ্রামগুলোতে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এরই মধ্যে সকালে সবজি নিয়ে সাইকেলে করে বিক্রি করতে যাচ্ছিলেন এক কৃষক। হঠাৎ দলছুট ওই হাতিটি তাঁর সামনে চলে আসে। হাতির মুখোমুখী হতেই সাইকেল ফেলে পালিয়ে প্রাণে বাঁচলেন ওই কৃষক। ওই কৃষক জানান, সাইকেলে থাকা লাউয়ের বস্তা ছেড়ে ভয়ে পালিয়ে যান।

কৃষক মহেশ্বর কুইরী বলেন, আমি সাইকেল করে লাউ নিয়ে আমাদের বাজার সুইসা নেতাজি মার্কেট নিয়ে যাচ্ছিলাম হঠাৎ করে দল ছুট একটি বন্য হাতি মুখোমুখি হয় রাস্তার মাঝে। আমি আমার সাইকেলে থাকা লাউ ফেলে ভয়ে পালিয়ে যাই। ওই হাতি আমার সাইকেল ও লাউগুলিকে নষ্ট করে দেয়। আমি গরিব কৃষক কৃষি ঋণ নিয়ে চাষ করি। ক্ষতির মুখে পড়লাম। তাই প্রশাসনের কাছে সাহায্যর আর্জি জানাই।
অন্যদিকে, সকাল থেকেই বাঘমুন্ডি বনাঞ্চলের কালিমাটি বিট অফিসের বনকর্মী ও হুলা পার্টি গাগী সংলগ্ন জঙ্গলে পাহারা চালাচ্ছে। মানুষকে সতর্কতার সঙ্গে ঘোরাফেরা ও জঙ্গলে প্রবেশ না করার জন্য আবেদন করছেন তাঁরা।

