সংস্কৃতির শহরে অভিনব রবিচর্চা আতস গোষ্ঠীর, শিল্পীদের তুলির টানে বালুরঘাটে ভিন্নমাত্রা “ছবিতে রবি” বন্দনা

পিন্টু কুন্ডু, বালুরঘাট, ৯ মে: সংস্কৃতির শহরে রবিচর্চার অভিনব প্রয়াস। আতস গোষ্ঠীর শিল্পীদের তুলির টানে বালুরঘাটে ভিন্ন মাত্রা পেল “ছবিতে রবি” বন্দনা। সোমবার সকাল থেকে শহরের কলেজ মোড় এলাকায় এই অভিনব অনুষ্ঠানের উদ্যোগ নেয় একদল তরুণ-তরুণীরা। আতস গোষ্ঠী নামে ওই শিল্পী মঞ্চে অংশগ্রহণকারী জেলার বিভিন্ন প্রান্তের শিল্পীরা এদিন তাদের শিল্পস্বত্তায় ফুটিয়ে তোলেন রবি নন্দনের বিভিন্ন ভাবনা। প্রত্যেকের তুলির টানে ফুটে ওঠে আলাদা আলাদা রবীন্দ্রনাথের ছবি। যা রবীন্দ্রজয়ন্তীতে এক ভিন্ন মাত্রা জোগায় সংস্কৃতির শহর হিসাবে পরিচিত বালুরঘাটকে।

এখানেই শেষ নয় আতস গোষ্ঠীর দ্বারা আয়োজিত এই ভিন্নধর্মী অনুষ্ঠানে শিল্পীদের দ্বারা দিনভর চলে সাংস্কৃতিক অনুষ্ঠানও। ১৬১ তম রবীন্দ্রজয়ন্তী পালনে এদিন সকাল থেকেই যথেষ্ট আড়ম্বরতা লক্ষ্য করা যায় বালুরঘাট সহ গোটা দক্ষিণ দিনাজপুরেই। এই দিনটিকে বিশেষভাবে পালনে প্রশাসনিক তৎপরতার পাশাপাশি রাজনৈতিক নেতৃত্বদেরও যথেষ্ট উন্মাদনা লক্ষ্য করা গেছে বালুরঘাট শহরে। রাস্তায় নেমে রবীন্দ্রনাথের গলায় মালা পরিয়ে এই দিনটিকে বিশেষভাবে স্মরণ করতে দেখা গেছে তৃণমূল ও বিজেপিকেও। কিন্তু এসবের ঊর্ধ্বে গিয়ে সংস্কৃতির শহরের ঐতিহ্য বজায় রাখতে রবিচর্চায় এক অভিনব উদ্যোগ নিতে দেখা গেছে একদল তরুণ- তরুণীকে। যারা তাদের শিল্প স্বত্ত্বা দিয়ে ফুটিয়ে তুলেছেন রবীন্দ্রনাথের বিভিন্ন চিত্র। কাগজ, বোর্ড সহ শহরের কলেজ মোড় এলাকায় বেশ কয়েকটি দেওয়ালে রবীন্দ্রনাথের বিভিন্ন কবিতা ও ছবি এঁকে এই দিনটিকে এক ভিন্নমাত্রা জুগিয়েছেন আতস গোষ্ঠী।

আতস গোষ্ঠীর তরফে শুভদ্বীপ পাল বলেন, রবীন্দ্রজয়ন্তীর এই বিশেষ দিনটিকে একটু আলাদা মাত্রা দিতেই এধরণের অনুষ্ঠান তাদের। দিন দিন যেভাবে সবকিছু মানুষ ভুলে যাচ্ছে বা হারিয়ে ফেলছে, রবীন্দ্রনাথের ভাবনা বা তার চিন্তাধারা মানুষ যেন চিরস্মরণীয় করে রাখতে পারে তার বার্তা দিতেই আতস গোষ্ঠীর এই “ছবিতে রবি”র অনুষ্ঠান। জেলার বিভিন্ন প্রান্তের শিল্পীদের নানা চিন্তাধারা কবিগুরুকে ঘিরেই ফুটিয়ে তোলা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *