জয় লাহা, আমাদের ভারত, দুর্গাপুর, ১০ মে: পরিবারের লোকজনদের ঘরে আটকে রেখে সশস্ত্র ডাকাতি। প্রায় ৮ লক্ষ টাকা নগদ ও ২০ ভরি সোনার গয়না নিয়ে চম্পট দিল দুষ্কৃতিরা। সোমবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে, অন্ডালের দীর্ঘ নালা এলাকায়। এহেন দুঃসাহসিক ডাকাতির ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে গোটা শিল্পাঞ্চলজুড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় অন্ডাল থানার পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
ঘটনায় জানা গেছে, সোমবার গভীর রাতে অন্ডালের দীর্ঘ নালা এলাকায় অবসর প্রাপ্ত রেলকর্মী পরেশনাথ কুন্ডুর বাড়িতে ডাকাতির ঘটনাটি ঘটে। পরিবার সুত্রে জানা গেছে, গভীর রাতে বাড়ির পিছনের দরজা ভেঙ্গে বাড়িতে ঢোকে দুষ্কৃতীরা। তারপর সদর দরজা ভেঙ্গে ঘরের ভেতর ঢোকে। ১০-১২ জনের দুষ্কৃতী দলটি ছিল। হাতে তাদের ছিল আগ্নেয়াস্ত্র।

বাড়ির গৃহবধু চন্দনা কুন্ডু জানান, “দরজা নাড়া দিতেই বেরিয়ে আসি। দরজা খুলতেই মাথায় পিস্তল ঠেকিয়ে একটা ঘরে নিয়ে যায়। সেখানে আটকে রাখে বাড়ির সকলকে। এমনকি বাড়ির বাচ্চাদেরকে আটকে রাখে। মাথায় পিস্তল ঠেকিয়ে তারপরই ডাকাতদল ঘরের এক একটি আলমারি ভেঙ্গে লুটপাট শুরু করে। আলমারির জিনিসপত্র লন্ডভন্ড করে দেয়।”
পরেশনাথবাবুর দুই ছেলে। বড় ছেলে অভিজিৎ জীবন বিমার এজেন্ট। ছোটো ছেলে সজল হার্ডওয়ার্ডের ব্যাবসায়ী। ঘটনায় সজল কুন্ডু জানান, “দুষ্কৃতীরা ঢুকতেই রুখে দাঁড়িয়েছিলাম। তাতেই পাল্টা এলোপাথাড়ি মারধর শুরু করে। ঘন্টা দেড়েক ধরে লুটপাট চালায়
দুষ্কৃতী দলটি।”
তিনি বলেন, “বয়স্ক বাবা বাড়িতে। অসুস্থতার কারণে বাড়িতে নগদ টাকা কিছু রাখতে হয়।
তাছাড়াও ব্যাবসার কিছু টাকা থাকে। সবমিলিয়ে নগদ প্রায় ৮ লক্ষ টাকা ও ২০ ভরি সোনার গয়না লুট করেছে ডাকাত দলটি। অন্ডাল মোড় থেকে স্টেশন যাওয়ার প্রধান রাস্তার ওপর এইভাবে ডাকাতির ঘটনায় রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় অন্ডাল থানার বিশাল পুলিশ বাহিনী। ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে রাজমিস্ত্রিদের ব্যবহার্য কিছু যন্ত্রপাতি এবং একটি নতুন স্ক্রু ড্রাইভার। স্থানীয় বাসিন্দাদের অনুমান, রাজমিস্ত্রির কাজ করার জন্য বাইরের লোকজন এখানে এসে বসবাস করছে। দিনভর কাজের সঙ্গে রেইকি করে নিয়েছিল। তারপর সুযোগ বুঝে অভিযান চালিয়েছে।”
বাসিন্দারা জানান, “বিগত ১৫ বছরে এধরনের ডাকাতির ঘটনা ঘটেনি এলাকায়। তাই স্বাভাবিকভাবেই আতঙ্কিত।”
উল্লেখ্য, গত ২০২১ সালের ২ সেপ্টম্বর অণ্ডাল থানার ধুপচুড়িয়া মোড়ে একটি পেট্রোল পাম্পে সশস্ত্র ডাকাতির ঘটনা ঘটে। পাম্পের ক্যাশবাক্স থেকে লক্ষাধিক টাকা লুট করে চম্পট দেয় দুষ্কৃতীরা। সপ্তাহখানেকের মধ্যে কলকাতার উল্টোডাঙা থেকে দুষ্কৃতীরা ধরা পড়ে। চলতি বছর গত ১৯ মার্চ তৃণমূল কংগ্রেসের জামুড়িয়া-২ নং ব্লক তৃণমূল সভাপতি সুকুমার ভট্টাচার্যের বাড়িতে আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে দুঃসাহসিক ডাকাতি হয়। নগদ প্রায় দেড় লক্ষ টাকা ও দশ ভরি সোনার গয়না নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা।
মঙ্গলবার সকালে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় আসানসোল-দুর্গাপুর ডিসি পূর্ব অভিষেক গুপ্তা।ঘটনায় পুলিশ কুকুর নিয়ে তদন্ত শুরু করে। অন্ডাল থানার পুলিশ জানিয়েছে, “ঘটনার তদন্ত শুরু হয়েছে।”

