আমাদের ভারত, মালদা, ৬ ডিসেম্বর: মুখ্যমন্ত্রীর মালদা জেলা সফরের আগেই প্রতিশ্রুতি মতো চাকুরির দাবিতে বিক্ষোভ মৃত পরিযায়ী শ্রমিকের পরিবারের। সোমবার মালদার মানিকচক ব্লক আইসিডিএস অফিসের সামনে বিক্ষোভ দেখায় স্বামী হারানো মহিলারা। তবে মুখ্যমন্ত্রী মালদায় পৌঁছলে ঐ সমস্ত দাবি-দাওয়া নিয়ে তাঁর দ্বারস্থ হবেন বলে জানাচ্ছেন স্বামীহারা মহিলারা।
উল্লেখ্য, গত ২০১৯ সালের ফেব্রুয়ারি মাসে উত্তরপ্রদেশের ভাদোই এলাকায় কার্পেট কারখানায় বিস্ফোরণ কাণ্ডে মানিকচকের ৯ জন শ্রমিকের মৃত্যু হয়। মৃতরা মানিকচক ব্লকের এনায়েতপুর অঞ্চলের ৮ জন এবং একজন মথুরাপুর অঞ্চল এলাকার বাসিন্দা ছিলেন। সেই সময় রাজ্য সরকারের তরফে পরিবারগুলিকে আর্থিক সাহায্য করা হয়েছিল। আশ্বাস দেওয়া হয়েছিল, যোগ্যতা অনুযায়ী সরকারি চাকরির সঙ্গে মৃতদের পরিবারের একজন করে সদস্যকে যুক্ত করবে রাজ্য সরকার। তবে সেই প্রতিশ্রুতি বাস্তবে রূপ পায়নি, এমনটাই অভিযোগ মৃত পরিযায়ী শ্রমিকের পরিবারদের। ঘটনার পর ফিরেও তাকায়নি রাজ্য সরকারের কোনও প্রতিনিধি কোন রাজনৈতিক ব্যক্তিত্ব। গোটা বিষয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে ক্ষোভ মৃত শ্রমিকের পরিবারদের। তাদের অভিযোগ, দীর্ঘ তিন বছর ধরে চাকরির প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল রাজ্য সরকারের তরফ থেকে কিন্তু বাস্তবে তা এখনও কার্যকর হয়নি।

রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিমের নেতৃত্বে রাজ্য সরকারের একটি প্রতিনিধি দল মৃত পরিবারগুলির সঙ্গে দেখা করেছিল এবং সেই সময় তাদের সরকারি চাকরির আশ্বাস দিয়েছিল। কিন্তু ৩ বছর কেটে গেলেও তারা কোনও রকম চাকরি পায়নি বলে অভিযোগ।
এদিকে আগামী ৮ তারিখ প্রশাসনিক বৈঠকে মালদা সফরে আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর কাছে দাবিদাওয়া তুলে দিতে মানিকচক ব্লক আইসিডিএস অফিসে বিক্ষোভ দেখায় মৃতার পরিবারের সদস্যরা। এদিনের বিক্ষোভ কর্মসূচিতে রাজনৈতিক কোনও রকম দলীয় পতাকা ছাড়াই আরএসপির জেলা সম্পাদক সর্বানন্দ পান্ডে উপস্থিত ছিলেন।
এপ্রসঙ্গে তিনি জানান, প্রতিশ্রুতি দেওয়া হলেও এখনও চাকরি দেওয়া হয়নি পরিবারগুলিকে। এরা বারবার বিভিন্ন সরকারি দপ্তর সহ টিএমসির নেতাদের কাছে গিয়েছে কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। আগামী ৮ তারিখ মুখ্যমন্ত্রী মালদা সফরে আসছে।তাই আজ এই বিক্ষোভ কর্মসূচির মাধ্যমে আমরা মুখ্যমন্ত্রীর কাছে দাবি পাঠাতে চাই। পাশাপাশি মুখ্যমন্ত্রীর কাছে গিয়ে এই দাবিগুলি তুলে ধরবো।
অন্যদিকে মৃত পরিবারের সদস্যরা জানান, মন্ত্রী ফিরহাদ হাকিম এসে আমাদের চাকরির আশ্বাস দিয়েছিল। তারপরে আইসিডিএস সেন্টারে আমাদের আবেদন জমা নিয়েছিল, কিন্তু আজ পর্যন্ত কোনও রকম চাকরি আমরা পাইনি। তাই মুখ্যমন্ত্রীর কাছে আর্জি জানাই যে আমাদের অতিশীঘ্রই চাকরিতে অন্তর্ভুক্ত করা হোক।

