জে মাহাতো, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২০ জানুয়ারি: পুরভোটে যাতে কংগ্রেস দলের জয়ী প্রার্থীরা প্রতিদ্বন্দ্বীতা করতে না পারে এজন্য তাঁদের মিথ্যে চিঠি পাঠানো হচ্ছে বলে অভিযোগ করলেন পশ্চিম মেদিনীপুর জেলা কংগ্রেস সভাপতি সমীর রায়।

বৃহস্পতিবার তিনি জেলা কার্যালয়ে এক সাংবাদিক বৈঠকে জানান, রাজ্য নির্বাচন কমিশনের নির্দেশ মতো জেলা নির্বাচন আধিকারিক তথা জেলা শাসক একটি চিঠি দিয়ে জানিয়েছেন, যাঁরা ২০১৫ সালের পুরসভা নির্বাচনে অংশ নিয়ে জয়ী হয়েছেন তাঁদের মধ্যে খড়্গপুরের বিরোধী দলনেত্রী রিতা শর্মা, ঘাটালের মিতালি মহাপাত্র, রামজীবনপুরের উত্তম মল্লিক আয় ব্যয়ের হিসাব জমা দেননি।

এদিন সমীর রায় তথ্য দেখিয়ে বলেন, ২০১৫ সালের ১৯ মে তাঁরা আয়-ব্যয়ের হিসাব জমা দিয়েছেন। এর রিসিভ কপি আছে। এরপরও কি করে এই কথা বলা হচ্ছে। তাঁরা এর প্রতিবাদে জেলা নির্বাচন আধিকারিককে চিঠি দিয়েছেন।
উল্লেখ্য, একমাত্র মেদিনীপুর পুরসভার কাউন্সিলর শম্ভু চ্যাটার্জি নির্দিষ্ট নিয়ম মেনে আয়-ব্যয়ের হিসাব জমা দিয়েছেন বলে কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে।

