গুজরাট দাঙ্গা নিয়ে মোদীকে জড়িয়ে সাজানো মিথ্যে মামলা, সমাজকর্মী তিস্তা শেতলবাদকে আটক করল পুলিশ

আমাদের ভারত, ২৫ জুন: গুজরাট পুলিশের এটিএস আটক করল সমাজকর্মী তিস্তা শেতলবাদকে। মুম্বাইয়ের বাড়ি থেকে শনিবার বিকেলে তাকে হেফাজতে নেয় গুজরাট এটিএস। তার বিরুদ্ধে ২০০২ সালে গুজরাটের দাঙ্গা নিয়ে মিথ্যাচারের অভিযোগ এনেছে পুলিশ। তার সঙ্গেই আইপিএস অফিসার সঞ্জীব ভাট এবং গুজরাটে প্রাক্তন ডিজিপি আরবি শ্রীকুমারের বিরুদ্ধে আগেই জাল নথি তৈরি করে ষড়যন্ত্রের অভিযোগে মামলা দায়ের করেছিল আমেদাবাদ ক্রাইম ব্রাঞ্চ। শ্রীকুমারকেও আজ আটক করা হয়েছে।

একই সঙ্গে আজ এফ আই আর করা হয়েছে তিস্তার বিরুদ্ধে। গতকালই গুজরাট দাঙ্গা নিয়ে তাদের বিরুদ্ধে সুপ্রিম কোর্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ক্লিনচিট দিয়েছে। সেই রায় সর্বোচ্চ আদালত বলেছিল প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ সাজানোর ক্ষেত্রে তিস্তার ভূমিকা নিয়ে তদন্ত হওয়া উচিত।

অন্যদিকে শনিবার একটি সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ স্বেচ্ছাসেবী সংগঠন গুলিকে একহাত নিয়েছিলেন। তাঁর কথায় “এরাই প্রধানমন্ত্রীর নাম জড়িয়ে মামলা করার জন্য ষড়যন্ত্রে লিপ্ত ছিল”।

এরপর আজ সুপ্রিম কোর্টের রায়কে অনুসরণ করে গুজরাট পুলিশ এনজিওর সঙ্গে যুক্ত থাকা তিস্তাকে হেফাজতে নিল। তাকে মুম্বাই সান্তাক্রুজ থানায় নিয়ে যাওয়া হয়, এরপর সেখান থেকে আমেদাবাদের পথে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *