জয় লাহা, দুর্গাপুর, ৩০ জুলাই: ভুয়ো আইএএস, আইপিএসের পর ভুয়ো সেনাজওয়ান ধরা পড়ল বুদবুদে। সেনাবাহিনীতে ভুয়ো নিয়োগের ঘটনায় অভিযুক্ত এক প্রতারক যুবককে ধরতে যৌথ অভিযান চালিয়ে গ্রেফতার করে পানাগড় আর্মি ইন্টেলিজেন্স ও বুদবুদ থানার পুলিশ।
পুলিস সূত্রে জানা গিয়েছে, বছর ৩৫–এর ধৃত ভুয়ো জওয়ানের নাম করণ যাদব। তার বাড়ি উত্তরপ্রদেশের গাহমার জেলার গাজীপুর এলাকায়। ধৃতের কাছ থেকে সেনাবাহিনীর পোষাক উদ্ধার হয়েছে। ধৃত’কে গত মঙ্গলবার দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হলে বিচারক অভিযুক্ত’কে তিন দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত করণ বুদবুদ ও পানাগড় এলাকায় সেনাবাহিনীতে ভুয়ো নিয়োগের কারবারিতে সক্রিয় ছিল বলে অভিযোগ। আর্মি ইন্টেলিজেন্স তার গতিবিধি লক্ষ্য করছিল। সোমবার অভিযান চালিয়ে বুদবুদ বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।
আসানসোল – দুর্গাপুর পুলিস কমিশনারেটের এসিপি শ্রীমন্ত বন্দ্যোপাধ্যায় বলেন, ‘অভিযুক্ত’কে হেফাজতে নিয়ে ঘটনার তদন্ত করা হচ্ছে।’

