অশোক সেনগুপ্ত
আমাদের ভারত, ২০ নভেম্বর: ঐন্দ্রিলা শর্মার মৃত্যুর ভুয়ো ছবি ফেসবুকে দিনভর ভাগ হল। আবেগতাড়িত নেটনাগরিকদের অবকাশ হল না সত্যিমিথ্যে খতিয়ে দেখার। ছড়িয়ে পড়ল চকিতে।

ছবি: এই ছবিটিকেই চালানো হয় ঐন্দ্রিলা-সব্যসাচীর ছবি বলে।
কিছুকাল আগে অসমে এক যুবতী মারা যান। তাঁর প্রেমিক শায়িত মৃত বান্ধবীকে বিয়ে করে প্রতিজ্ঞা করেন আর বিয়ে করবেন না বলে। অসমের প্রেমিকের মুখেও সব্যসাচীর মত দাড়ি ছিল। সেই ভিডিও এক ডিজিটাল ক্রিয়েটর দুপুরেই সব্যসাচী-ঐন্দ্রিলার ছবি বলে সামাজিক মাধ্যমে ভাসিয়ে দেন। ছবিতে যে দুজন রয়েছে এটা হচ্ছে অসমের ওই ভিডিও। ক্রমে ঘুরতে থাকে ফেসবুকের নানা দেওয়ালে।

ছবি: অসমের ছবি, ঐন্দ্রিলা-সব্যসাচীর নয়।
পরে কৌশিক অধিকারী নামে এক নেটনাগরিক জানিয়েছেন, “ঐন্দ্রিলা দিদি মারা যাওয়ার পর যে ভিডিওটা ভাইরাল হচ্ছে ওই ভিডিওটা সম্পূর্ণ ভুয়ো ভিডিও। তোদের কি কোনও বুদ্ধি নেই যে একটা মানুষ মারা যাওয়ার পরে কোনও হসপিটাল ৪ ঘন্টা না হলে ডেড বডি ছাড়ে না। আর ঐন্দ্রিলা মারা যাওয়ার ১ ঘন্টা হয়নি ওই ভিডিওটা ভাইরাল করছিস। মানে সামান্য রিচ পাওয়ার জন্য মানুষ কত নিচে নামতে পারে … ছিঃ!“

