আমাদের ভারত, ব্যারাকপুর, ২৭ জুলাই: ফের পুলিশের জালে ধরা পড়লো ভুয়ো আইপিএস অফিসার। ধৃত ব্যক্তির নাম রাজশ্রী ভট্টাচার্য। তিনি বেলঘড়িয়া দক্ষিণেশ্বরে পিসি ব্যানার্জি লেনের বাসিন্দা। তার বিরুদ্ধে আইপিএস অফিসার পরিচয় দিয়ে এক ব্যক্তির থেকে দুই লক্ষ টাকা তোলা চাওয়ার অভিযোগ উঠেছে। আর সেই অভিযোগের ভিত্তিতে গতকাল রাতে তাকে ও তার এক সহযোগী এবং তার গাড়ির চালককে কলকাতা পুলিশ গ্রেফতার করে।
অপর দিকে মঙ্গলবার তার বাড়িতে কিছু তদন্তকারী আফিসার যান। কিন্তু বাড়িতে তার অসুস্থ মা থাকায় তদন্তকারী দল কিছু জিজ্ঞাসাবাদ না করেই ফিরে যান। তবে রাজশ্রী বাবুর গ্রেফতারি প্রসঙ্গে তার বাড়িতে সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা এই প্রসঙ্গে জিজ্ঞাসাবাদ করতে গেলে তার বাড়িতে কর্মরত ব্যক্তিরা জানায় ধৃত রাজশ্রী বাবু এই কাজ করতেন। তারা জানান, “রাজশ্রীবাবু ভীষণ ভালো মানুষ। তিনি কোনও দিন কারোর থেকে টাকা নিয়েছেন বলে তারা জানেন না। তাকে কেউ বা কারা ফাঁসিয়েছে।

তাদের আরও অভিযোগ, কিছু দিন ধরে রাজশ্রী বাবু এমন কিছু লোকেদের সাথে মিশছিলেন যারা মোটেই সুবিধার লোক ছিল না। আর তারাই টাকার জন্য ওনাকে ফাঁসিয়েছে। অপর দিকে এই রাজশ্রী ভাট্টাচার্য ওরফে বাবাইকে এলাকার লোক জানতেন পুলিশ অফিসার বলে। কিছুদিন আগে এলাকার এক ব্যক্তিকে বন্দুক দেখিয়ে ভয় দেখানোর অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে। কিন্তু তা সত্ত্বেও অন্য প্রতিবেশীরা জানায় তিনি ভালো লোক হিসেবে পরিচিত। আর তার গ্রেফতারিতে তারা যথেষ্ট স্তম্ভিত। তাদের বক্তব্য, “আমরা অনেক দিন ধরেই দেখছি ওনাকে। কোনও দিন তেমন কোনও অশান্তিতে উনি থাকতেন না। পুলিশে কাজ করতো বলে জানি আমরা। কিন্তু পুলিশ ধরেছে, কেন ধরেছে সে সম্পর্কে কিছুই জানি না।” তবে রাজশ্রী বাবুকে লালবাজারে নিয়ে গিয়ে জিজ্ঞেসাবাদ চালাচ্ছে পুলিশ।

